অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার
এবারের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ সিনেমা নিয়ে হাজির হয়েছেন হলিউড অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার । কান উৎসবে এসে তিনি ফিলিস্তিন ইস্যুতেও কথা বলেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে মুখ না খোলার মূল্য নিজের ক্যারিয়ার হারানোর চেয়েও অনেক বেশি। উৎসবে তিনি স্পষ্ট ভাষায় জানান, যে বিষয়গুলোকে তিনি ন্যায়সংগত মনে করেন, সেগুলো নিয়ে কথা বলা থেকে তাঁকে কেউ বিরত রাখতে পারবে না।
কান উৎসবে প্রদর্শিত হয়েছে হান্নাহর নতুন কুইয়ার স্ল্যাশার ড্রামা ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’। সেখানে এক আলোচনায় অংশ নিয়ে এই অভিনেত্রী বলেন, ফিলিস্তিনিদের কাছ থেকেই তিনি সাহস পাওয়ার শিক্ষা নিয়েছেন।

তিনি বলেন, ‘আমি সেই ফিলিস্তিনিদের পথ অনুসরণ করি, যাঁরা সব সময় নিজেদের হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন।‘ তাঁর ভাষ্যে, ‘আমি এমন এক ঐতিহ্যের অংশ হতে পেরে খুশি, যেখানে ফিলিস্তিনি ও তাঁদের ইহুদি মিত্ররা এমন এক সময়ে সরব থেকেছেন, যখন অনেকেই নীরব থাকতে বেছে নিচ্ছেন। আমি তাঁদের অনুসরণ করি।’
এছাড়া, সুজান সারান্ডন ও মেলিসা বারেইরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার কারণে কাজ হারিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন। এই প্রসঙ্গে ‘কালোতালিকাভুক্ত’ হওয়ার ভয় আছে কিনা জানতে চাইলে হান্নাহ বলেন, ‘আমি মনে করি তাঁরা যা জানেন, আমিও তাই জানি। চুপ থাকার মূল্য আরও অনেক বেশি।’

সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
হান্নাহ আরও বলেন, ‘কথা না বলার ভেতরে আরও বড় এক ক্ষয় আছে। জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা পরিষ্কার থাকতে হবে। আমার ছোট্ট ক্যারিয়ার কখনোই একটি মানুষের জীবনের সমান হতে পারে না। তাই আমি এটাকে দায়িত্ব মনে করি এবং সব সময়ই কথা বলব।’
নিজের কথার বাহিরেও হান্নাহ আরও কয়েকজন ফিলিস্তিনপন্থী হলিউড তারকার প্রশংসা করেছেন। যাঁরা এতোদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমি মেলিসা, সুসান, মার্ক রাফালো বা হাভিয়ের বারদেম-সবার সঙ্গেই কাজ করতে চাই।’

গত বছরের এমি অ্যাওয়ার্ডসেও ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন হান্নাহ। পুরস্কার গ্রহণের সময় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘ফ্রি প্যালেস্টাইন।’ পরে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ‘দুঃখজনকভাবে হলিউডে অনেক মানুষ তখনই কোনো ইস্যুকে গুরুত্ব দেয়, যখন সেটি কোনো শ্বেতাঙ্গ মানুষের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে।’
সিনেমায় কি আছে?
কান উৎসবে নিজের নতুন ছবি ‘টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। ছবিটিতে তিনি ‘ক্রিস’ নামের এক স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন, যিনি পুরোনো এক কাল্ট হরর ফ্র্যাঞ্চাইজি নতুন করে ফিরিয়ে আনতে চান। তাঁর সঙ্গে আছেন ‘স্ক্রিম কুইন’ গিলিয়ান অ্যান্ডারসন।
টিনএজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিসমা’ সিনেমাটি জেন শোয়েনব্রুন পরিচালিত একটি মনস্তাত্ত্বিক স্লাশার ফিল্ম। এতে হরর, অদ্ভুত রোম্যান্স, স্যাটায়ার এবং মেটা-সিনেমা, এই চারটি জিনিসকে তুলে ধরেছে।
হান্নাহর মতে, ছবিটি মূলত যৌনতা ঘিরে লজ্জা ও অস্বস্তির অনুভূতি নিয়ে কথা বলে, যে বিষয়গুলো নিয়ে সমাজে খুব কম আলোচনা হয়।


