মিস ইউনিভার্সের মুকুট জিতে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার বারেত্তো। প্রথম মা হিসেবে এই আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। ৭৫তম আসরে ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে শিরোপা জেতেন জেনিফার। তাঁর এই জয় পুয়ের্তো রিকোর জন্যও বিশেষ অর্জন। কারণ, ২০ বছর পর আবারও দেশটির ঘরে ফিরেছে মিস ইউনিভার্সের মুকুট।
সুন্দরী প্রতিযোগিতার বাইরেও জেনিফারের রয়েছে আলাদা পরিচয়। মনোবিজ্ঞান ও সমাজকর্মে ডিগ্রি নেওয়ার পর তিনি প্রতিরোধমূলক কার্যক্রম বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুডে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনে কর্মজীবন শুরু করেন তিনি। পরে কার্ল আর ডারনাল আর্মি মেডিকেল সেন্টারে স্বেচ্ছাসেবী হিসেবেও দায়িত্ব পালন করেন।

সামরিক বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো তাঁর কাজের অন্যতম অংশ। পাশাপাশি পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করেন তিনি।
জেনিফারের স্বামী ইয়ান কার্লোস বারেত্তো ক্যালদেরন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাঁর বাড়ি পুয়ের্তো রিকোর ইসাবেলা এলাকায়। ২০১৯ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় একটি কন্যাসন্তান। পরিবার ও পেশাগত দায়িত্ব সামলানোর পাশাপাশি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে এবার সেরার মুকুট জিতলেন জেনিফার।
মডেলিংয়ের অভিজ্ঞতা ছাড়াই মিস ইউনিভার্সের পথে
সুন্দরী প্রতিযোগিতা কিংবা মডেলিং কোনোটিতেই আগে অভিজ্ঞতা ছিল না জেনিফারের। ২০২৫ সালের গ্রীষ্মে মিস ইউনিভার্স হওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেন তিনি। প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে নিয়মিত অনুশীলন করেন। এ সময় প্রায় ৭০ পাউন্ড ওজনও কমান।
এরপর ২০২৬ সালের ২৫ জুন অনুষ্ঠিত মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর ৭০তম আসরে সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করেন জেনিফার। অ্যাঞ্জেল ও বেরিওস পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মূল আসরে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
জেনিফারের এই জয়ে মিস ইউনিভার্সের ইতিহাসে ষষ্ঠবারের মতো শিরোপা পেল পুয়ের্তো রিকো। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দয়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা দেশটির হয়ে এই মুকুট জিতেছিলেন।

প্রথম রানারআপ ডমিনিকান রিপাবলিকের মেলিসা
মিস ইউনিভার্সের এবারের আসরের সেরা পাঁচে জায়গা করে নেয় ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকো। শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ওঠে জেনিফার বারেত্তোর মাথায়। প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোটেজ।
এবারের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি কাজিয়া লিজ মেজোও অংশ নিয়েছিলেন। সেরা ৩০-এ জায়গা পেলেও শেষ পর্যন্ত সেরা ১২-তে উঠতে পারেননি তিনি।









