ছয় বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে ফিরছেন জন আব্রাহাম ও নোরা ফাতেহি। অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’-এর তৃতীয় ছবি ‘ফোর্স ৩’-এ একটি বিশেষ গানে নাচতে দেখা যাবে নোরাকে। বড় পরিসরে সাজানো এই গানই হতে যাচ্ছে ছবির অন্যতম বড় আকর্ষণ।
বলিউড হাঙ্গামার সূত্রের খবর, নির্মাতারা গানটির পরিকল্পনা করেছেন বেশ জমকালোভাবে। ছবির অ্যাকশননির্ভর গল্প আর গণআবেদনের কথা মাথায় রেখে সিকোয়েন্সটিকে সাজানো হচ্ছে জমজমাট মিউজিক্যাল স্পেকট্যাকল হিসেবে। সূত্রের ভাষায়, নোরাকে নেওয়া হয়েছে একটি স্পেশ্যাল ডান্স নম্বরের জন্য, যা হবে হাই-এনার্জি আর দর্শক মাতানো। মুক্তির অনেক
আগেই এই গান ঘিরে শুরু হয়ে গেছে আলোচনা।

জন আর নোরার জুটির গানের ইতিহাস বেশ পুরোনো। ২০১৮ সালে ‘সত্যমেব জয়তে’ ছবির ‘দিলবার’ গান দিয়ে শুরু হয়েছিল এই জুটির যাত্রা, গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এরপর ২০১৯ সালে ‘বাটলা হাউস’ ছবির ‘ও সাকি সাকি’ আর ২০২১ সালে ‘সত্যমেব জয়তে ২’ ছবির ‘কুসু কুসু’ – প্রতিটি গানেই এই জুটির রসায়ন দর্শক মাতিয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘ফোর্স ৩’-এর গান ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে।
ফোর্স ৩-এর বাকি তারকারা
ছবিতে জন আব্রাহাম ফিরছেন এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে। ২০১১ সালের ‘ফোর্স’ আর ২০১৬ সালের ‘ফোর্স ২’-এর পর এই চরিত্রে তৃতীয়বার দেখা যাবে তাঁকে। এবার গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর সঙ্গে আছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা ও সূর্য শর্মা। জন আর হর্ষবর্ধনের মুখোমুখি সংঘাতই ছবির অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। ছবিটি পরিচালনা করছেন ভাব ধুলিয়া।

ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স ৩’। অ্যাকশনের পাশাপাশি নোরার বিশেষ গান ছবিটির বাণিজ্যিক আবেদন আরও বাড়িয়ে দেবে বলেই ধারণা সংশ্লিষ্টদের। ছয় বছর পর এই জুটির প্রত্যাবর্তন দর্শকের কাছে কতটা সাড়া ফেলে, সেটাই এখন দেখার।










