রজনীকান্ত আবারও ফিরেছেন ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে। সোমবার (৫ অক্টোবর) প্রকাশ হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেইলার ২’এর ট্রেলার। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেইলার’ এর সিক্যুয়েলে রজনীকান্তের সঙ্গে দেখা যাবে এস জে সূর্য, বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী ও সুরজ ভেঞ্জারামুডুসহ বড় তারকাবহর।
মুক্তির ১০ দিন আগে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। এর আগে অনিরুদ্ধ রবিচন্দরের ১২টি গানের অ্যালবাম থেকে চারটি গান প্রকাশ করে সিনেমাটির প্রচারণা চালানো হয়েছে। এর মধ্যে নোরা ফাতেহির বিশেষ গান ‘বিন্দাস’ও রয়েছে।
‘জেইলার ২’-এর গল্প এগিয়েছে আগের সিনেমার ঘটনাপ্রবাহের পর থেকে। প্রথম সিনেমায় অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ান একটি মূর্তি পাচার চক্র ধ্বংস করেছিলেন। এবার সেই চক্রের সঙ্গে যুক্ত পুরো নেটওয়ার্ক তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পুরোনো মিত্রদের পাশাপাশি নতুন শত্রুরাও তাকে ঘিরে ফেলেছে। অন্যদিকে নিজের লড়াই শেষ হয়েছে ভেবে দূরবর্তী একটি গ্রামে চালকের কাজ করতে দেখা যায় টাইগারকে।
ট্রেলারে প্রথম সিনেমার তুলনায় আরও বড় ও বিস্তৃত সংঘাতের ইঙ্গিত মিলেছে। ‘জেইলার’এ টাইগার ও বিনায়কনের মূর্তি পাচারকারীর মধ্যে মূলত যে সংঘাত দেখা গিয়েছিল, এবার সেই লড়াই ছড়িয়ে পড়েছে একাধিক প্রতিপক্ষ ও বড় অপরাধী চক্রকে ঘিরে।

ট্রেলারে এস জে সূর্যকে গুরুত্বপূর্ণ এক প্রতিপক্ষের ভূমিকায় দেখা গেছে। তার চরিত্রের উদ্দেশ্য ও পরিচয় অবশ্য পুরোপুরি প্রকাশ করা হয়নি। অন্যদিকে তামিল সিনেমায় অভিষেক হচ্ছে বিদ্যা বালানের। তার চরিত্রের বিস্তারিত তথ্যও গোপন রাখা হয়েছে। ট্রেলারে তার কিছু ঝলক দেখা গেলেও টাইগারের সঙ্গে তার সম্পর্ক বা মূল সংঘাতে তার ভূমিকা স্পষ্ট হয়নি। এ ছাড়া ট্রেলারে দেখা গেছে জ্যাকি শ্রফ, মোহনলাল ও শিবরাজকুমারকে। সিনেমাটিতে বিজয় সেতুপতির অভিনয়ের বিষয়টি আগে নিশ্চিত হলেও ট্রেলারে তাকে দেখা যায়নি।
ট্রেলারে অ্যাকশন দৃশ্যগুলোও প্রথম সিনেমার তুলনায় বড় পরিসরের বলে মনে হয়েছে। পরিচালক নেলসন দিলীপকুমার প্রথম ‘জেইলার’ এ অন্ধকার হাস্যরসের সঙ্গে সহিংসতার মিশেলে যে স্বতন্ত্র আবহ তৈরি করেছিলেন, এবার সেটিই আরও বড় পরিসরে উপস্থাপনের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে রজনীকান্ত ও যোগী বাবুর দৃশ্যগুলোতে হাস্যরসের উপস্থিতি রয়েছে। ফলে প্রথম সিনেমার জনপ্রিয় মেজাজ বজায় রেখেই সিক্যুয়েলটি নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালে মুক্তির পর ‘জেইলার’ রজনীকান্তের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি সিনেমা হয়ে ওঠে। একের পর এক সিনেমার প্রত্যাশিত সাফল্য না আসার পর ‘জেইলার’ বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করে। মুক্তির সময় এটি ‘২.০’-এর পর সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবে আলোচনায় আসে।
পরিচালক নেলসন দিলীপকুমারের ‘জেইলার ২’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৫ অক্টোবর।









