কুমিল্লায় প্রদর্শন শুরু, রাজশাহীতে ৪ জুলাই
দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল সিনেমাটি দেশের আরও একটি নতুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আরেকটি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। দর্শকপ্রশংসিত এই চলচ্চিত্রটি আজ থেকে কুমিল্লা প্রদর্শন শুরু হয়েছে। আর ৪ জুলাই থেকে রাজশাহীর দর্শকদের জন্য প্রদর্শিত হবে। মুক্তির পর থেকেই ছবিটি গল্প ও নির্মাণশৈলীর জন্য প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার থেকে কুমিল্লার কে স্ক্রিন সিনেপ্লেক্সে প্রতিদিন দুপুর ২টা ও বিকেল ৫টার শোতে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে। ৪ জুলাই (শনিবার) থেকে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ (জিআরভি) সিনেপ্লেক্সে প্রতিদিন বিকেল সাড়ে ৩টার শোতে দর্শকরা ছবিটি দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয় জীবনের গল্পে নির্মিত সিনেমা
দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল বিশ্ববিদ্যালয় জীবনের ছাত্ররাজনীতি, হল-সংস্কৃতি, বন্ধুত্ব, স্বপ্ন, সংগ্রাম এবং সমসাময়িক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ছবিটির রচনা ও পরিচালনা করেছেন আকাশ হক। মুক্তির পর থেকেই এর শক্তিশালী গল্প, বাস্তবধর্মী নির্মাণ এবং অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, চয়ন মণ্ডল, আবু সায়ীদ, মেহেদি হাসান সোহান, জীবনসহ দেশের একঝাঁক নবীন ও প্রতিশ্রুতিশীল শিল্পী। তাঁদের অভিনয়ও ছবিটির অন্যতম আকর্ষণ হিসেবে আলোচিত হয়েছে।

চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক ও পরিবেশক মো. হাফিজউদ্দিন মুন্না বলেন, দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাঁদের দেশের বিভিন্ন অঞ্চলে ছবিটি পৌঁছে দিতে অনুপ্রাণিত করেছে। কুমিল্লা ও রাজশাহীতে মুক্তি পাওয়াকে তিনি আনন্দের বিষয় উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের বাস্তব অভিজ্ঞতা ও মানবিক গল্প নিয়ে নির্মিত এই সিনেমা নতুন দর্শকদেরও স্পর্শ করবে বলে তাদের বিশ্বাস। তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে বড় পর্দায় ছবিটি উপভোগ করার আহ্বান জানান।
আরও শহরে মুক্তির পরিকল্পনা
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, দর্শকদের আগ্রহ ও চাহিদার ভিত্তিতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল পর্যায়ক্রমে দেশের আরও বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ফলে শিগগিরই আরও নতুন অঞ্চলের দর্শকেরাও ছবিটি বড় পর্দায় দেখার সুযোগ পাবেন।