মাঠের জাদুকরের অজানা অধ্যায়
ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The One and Only”, যেখানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এর জীবন ও ক্যারিয়ারের নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তিন পর্বের এই সিরিজে তার শৈশবের দারিদ্র্য থেকে শুরু করে ইউরোপিয়ান ফুটবলে উত্থান, বিশ্বকাপ জয় এবং ব্যক্তিগত জীবনের জটিলতাগুলোও উঠে এসেছে।
১৯৮০ সালে ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে জন্ম নেওয়া রোনালদিনহোর আসল নাম রোনালদো দে আসিস মোরেইরা। শৈশবেই তিনি বাবাকে হারান এবং পরিবার কঠিন আর্থিক সংকটে পড়ে। ডকুমেন্টারিতে তার পরিবারের সদস্যরা জানান, সেই দুঃসময়ে ফুটবলই ছিল তার জীবনের একমাত্র আশ্রয়। ছোটবেলা থেকেই তার অসাধারণ প্রতিভা ফুটে ওঠে। মাত্র ১৩ বছর বয়সে এক ম্যাচে ২৩ গোল করার কাহিনি তাকে আলোচনায় নিয়ে আসে। পরবর্তীতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগ দিয়ে তিনি পেশাদার ক্যারিয়ার শুরু করেন।

বার্সেলোনায় রোনালদিনহো যুগ ও ক্লাবের পুনর্জাগরণ
ডকুমেন্টারির অন্যতম আকর্ষণীয় অংশ হলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় তার সময়কাল। ২০০৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার সময় বার্সা ছিল সংকটের মধ্যে, কিন্তু রোনালদিনহোর আগমন পুরো দলকে বদলে দেয়। তার ড্রিবলিং, হাসিমুখ এবং খেলায় সৃষ্টিশীলতা ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ২০০৫ সালে তিনি ব্যালন ডি’অর জেতেন। সাবেক সতীর্থরা জানিয়েছেন, তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, বরং মাঠের ভেতরে ও বাইরে আনন্দের উৎস ছিলেন।
সিরিজে লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্কও গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। ২০০৪ সালে তরুণ মেসি যখন প্রথম দলে আসেন, তখন রোনালদিনহো তাকে সহায়তা করেন এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করেন। এমনকি মেসির প্রথম গোলের অ্যাসিস্টও আসে রোনালদিনহোর পা থেকে। অনেক বিশ্লেষকের মতে, মেসির প্রাথমিক বিকাশে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডকুমেন্টারিতে আরও একটি বড় চমক হলো ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার প্রায়-চুক্তির গল্প। কিন্তু শেষ মুহূর্তে তিনি বার্সেলোনা বেছে নেন। সেই সিদ্ধান্তের পর ইউনাইটেডে জায়গা হয় তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদোর, যা পরবর্তীতে ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়।

২০০২ বিশ্বকাপের প্রভাব
২০০২ বিশ্বকাপেও রোনালদিনহোর ভূমিকা বিশদভাবে দেখানো হয়েছে। রিভালদো ও রোনালদোর সঙ্গে আক্রমণভাগে খেলতে নেমে তিনি ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। ইংল্যান্ডের বিপক্ষে তার বিখ্যাত ফ্রি-কিক গোলটি আজও বিতর্কের বিষয়। অনেকে এটিকে উদ্দেশ্যপ্রণোদিত শট, আবার কেউ কেউ সৌভাগ্যজনক ক্রস বলে মনে করেন।
তবে ডকুমেন্টারি শুধু তার সাফল্য নয়, ক্যারিয়ারের অন্ধকার দিকগুলোও তুলে ধরে। পরবর্তী সময়ে তার ফিটনেস সমস্যা, শৃঙ্খলাজনিত বিতর্ক এবং ২০২০ সালে প্যারাগুয়েতে জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার, সবকিছুই আলোচনায় এসেছে। নির্মাতারা এসব ঘটনাকে দেখিয়েছেন বিশ্বখ্যাতির চাপ ও ব্যক্তিগত জীবনের জটিলতার প্রতিফলন হিসেবে।
ডকুমেন্টারির মূল বার্তা হলো, রোনালদিনহোকে মানুষ মনে রাখে তার ট্রফির সংখ্যা দিয়ে নয়, বরং ফুটবলে আনা আনন্দ, স্বাধীনতা ও সৃজনশীলতার জন্য। এক যুগে যখন ফুটবল ক্রমেই কৌশল ও বাণিজ্যনির্ভর হয়ে উঠছিল, তখন তিনি ছিলেন এমন এক তারকা যিনি খেলাটিকে উপভোগের শিল্পে পরিণত করেছিলেন।
“Ronaldinho: The One and Only” এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এবং ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায় নতুনভাবে তুলে ধরছে।


