সিনেমা বনলতা সেন
আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি। অবশেষে ঈদেই মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সিনেমাটিতে আছে সরকারি অনুদানও। তবে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে অপ্রত্যাশিত অর্থনৈতিক ও প্রযোজনা সংক্রান্ত জটিলতা। জানা গেছে অভিযোগটি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। সেসময় সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন তরুণ মজুমদার। দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষার পর ঈদে মুক্তির ঘোষণা দেয়ার পর নতুন বিতর্ক সামনে নিয়ে এসেছেন সহ-প্রযোজক তরুণ মজুমদার।

৬১ লাখ টাকা বিনিয়োগ
তরুণ মজুমদারের অভিযোগ, বনলতা সেনের নির্মাণে তিনি ধাপে ধাপে মোট ৬১ লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু মুক্তির সময় তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময়ও তার নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তিনি সেন্সর বোর্ডেও অভিযোগ জানিয়েছেন বলে জানিয়েছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমার কাজ শুরুর সময় সবকিছু ঠিক ছিল। সহ প্রযোজক হিসেবে মুক্তি হওয়ার পর সিনেমা নির্মাণের জন্য প্রথমে ৪০ লাখ পরে আরো ২১ লাখসহ মোট ৬১ লাখ টাকা নিয়েছেন নির্মাতা উজ্জ্বল।

পরবর্তীতে আমি সিনেমা নিয়ে কিছু জানতে চাইলে তিনি আমার সঙ্গে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে আমি টাকা ফেরত নিয়ে সিনেমা থেকে সরে যেতে চাইলে তিনি তা ফেরত দেননি। এরপর বাধ্য হয়েই আইনি পথে যেতে হয়েছে।’
নির্মাতার বক্তব্য
অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, “ব্যবসায়িক সমঝোতার ভিত্তিতেই কাজ শুরু হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির আগেই তিনি প্রতারণার অভিযোগ এনে আদালতে যান। তদন্তও হয়েছে। সিনেমা নির্মাণের পর কোনো প্রযোজক টাকা ফেরত চাইলে সেটা তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে। তিনি প্রযোজক সমিতির সদস্যও নন।”

তরুণ মজুমদারের সিনেমা থেকে সরে যাওয়ার প্রসঙ্গে উজ্জ্বল বলেন, “সিনেমার অধিকাংশ কাজ শেষ হওয়ার পর তিনি সুদসহ টাকা ফেরত চান। সেই সময় টাকা ফেরত দেওয়া সম্ভব ছিল না। পরে তিনি আইনি ব্যবস্থা নেন। আমি বরং চেয়েছি সিনেমাটি সুন্দরভাবে দর্শকের কাছে পৌঁছাক।”
বনলতা সেন
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ নাম অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাসার। বুদ্ধদেব বসুর চরিত্রে অভিনয় করেছেন শরীফ সিরাজ। বনলতা সেন চরিত্রে আছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এ ছাড়া আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল ও প্রিয়ন্তী উর্বী ও অস্ট্রেলিয়ান বাঙালী অভিনেত্রী রূপন্তী অকিদ।


