পুরো জাতির হুজুগে মানসিকতা
দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো পুরস্কারও। অভিনয় দিয়েই তিনি জয় করে নিয়েছেন দর্শক মন। তাঁর এতো খ্যাতির মাঝেই মাঝে মাঝে পরে যান নানামুখী আলোচনায়। এবার এই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের দাবি, তিনি নাকি সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তবে এসব গুঞ্জন এড়িয়ে কেয়া পায়েল বললেন প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর।
এসব গুঞ্জনের উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্টে এক সাক্ষাৎকারে এই গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী। কেয়া পায়েল বলেন, এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তবে আমি বলব-প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর। আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানান অভিনেত্রী।

কেয়া পায়েল বলেন, আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন যদি বলা শুরু করে, তবে অন্যরাও না জেনেই বলা শুরু করে দেয়। তারা জানেই না কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে।
জাতির হুজুগে মানসিকতা
এই অভিনেত্রী আরো বলেন, এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে। তিনি বলেন, রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে বলে জানান অভিনেত্রী।
তিনি বলেন, কখনো আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে, বাড়তি কিছু করে আমার সৌন্দর্য বাড়াতে হবে। কারণ আমি যেমন আছি, তেমনই খুশি। তবে টুকটাক দুই-একটা জিনিস একটু অ্যাড করেছি জাস্ট। আর তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে যান যে, তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না। তাদের এ অবস্থা দেখে আমি মনে মনে ভাবি-ভাই মাফ চাই, আর হবে না।
সেরা অভিনেত্রী ও নারী চরিত্রে অভিনয়
কেয়া পায়েল সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয়ের জন্য টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
তবে কেয়া পায়েল অভিনেত্রী হলেও তিনি একজন এলএলবি গ্রাজুয়েট। এছাড়াও নাটকে, ধারাবাহিকে কাজ করলেও এই অভিনেত্রী সিনেমায়ও কাজ করেছেন। ২০১৯ সালে আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন কেয়া পায়েল। এছাড়াও কয়েক বছর আগে কেয়া পায়েল জানিয়েছেন, তিনি বিখ্যাত কোনো নারীর বায়োপিকে কাজ করতে চান।
এ নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমাদের চারপাশের কিছু নারী আছেন যারা কর্ম দিয়ে ইতিবাচক প্রভাব ফেলেছেন। মানুষ তাদের কখনই ভুলবে না। নির্দিষ্ট কোনো ব্যক্তি না হলেও এমন কারও বায়োপিকে কাজ করতে চাই। এটা আমার দীর্ঘদিনের ইচ্ছে।’


