বিএনপির রাজনীতিতে নতুন যাত্রা শুরু চমকের
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক তারকা। এবার বিএনপির মনোনয়নপ্রত্যাশীর তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সংরক্ষিত নারী আসন থেকে বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার, রিনা খানসহ সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন তারকার মনোনয়ন সংগ্রহের কথা শোনা গেছে। তাঁরা এরই মধ্যে সাক্ষাৎকার পর্বেও অংশ নিয়েছেন।

কুষ্টিয়া থেকে মনোনয়ন চেয়েছেন চমক
এই তালিকায় যুক্ত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলেও গণমাধ্যমে জানিয়েছেন চমক।
দেশ ও নারী উন্নয়নে কাজ করতে চান
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে চমক গণমাধ্যমকে বলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান, বিশেষ করে নারীদের জন্য। তাঁর মতে, এই লক্ষ্য বাস্তবায়নে একটি প্ল্যাটফর্ম দরকার ছিল।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে যুক্ত হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে বলে তিনি মনে করেন। কথাবার্তা ইতিবাচক লেগেছে বলেও জানান তিনি এবং শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

লালন মেলাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান
নিজের এলাকা কুষ্টিয়াকে একটি সাংস্কৃতিক কেন্দ্র বা কালচারাল হাব হিসেবে উল্লেখ করেন চমক। লালন মেলাকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, কুষ্টিয়ার ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চান।
তিনি বলেন, পুরো পৃথিবীতে যেমন নানা উৎসব হয়, লালন মেলাও তেমন একটি আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন হতে পারে। পাশাপাশি কুষ্টিয়ার হেরিটেজ জায়গাগুলো আরও উন্নতভাবে উপস্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

নতুন যাত্রায় সবার দোয়া চেয়েছেন চমক
সামাজিক যোগাযোগমাধ্যমে চমক লিখেছেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শীঘ্রই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’
রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন জগতে তাঁর যাত্রা শুরু হয়।

২০২০ সালে তিনি ছোট পর্দায় অভিনয় শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নাটক ও সিরিজ হায়দার, হাউস নং ৯৬, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত ও ভাইরাল হাজব্যান্ড।
রাজনীতিতে আসার ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি বলেন, নতুন অভিজ্ঞতা অর্জন এবং দেশের মানুষের জন্য অর্থবহভাবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।