৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা ‘অতল’ এবং আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ জায়গা পেয়েছে মস্কোতে। প্রতিযোগিতা শাখার বাইরে ‘অ্যাপক্যালিপ্স নাউ’ সেকশনে মনোনীত হয়েছে অতল আর আর্টকোর বিভাগে প্রদর্শিত হবে ‘প্রিন্সেস’।
এর আগে ২০২২ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে প্রিমিয়ার হয় যুবরাজ শামীমের প্রথম সিনেমা ‘আদিম’। সিনেমাটি জিতে নেয় ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ নেটপ্যাক সম্মাননা। এই নির্মাতার দ্বিতীয় সিনেমারও প্রিমিয়ার হচ্ছে মস্কোয়।
সিনেমাটি যুবরাজ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। তিনি পেশায় ফটোগ্রাফার। অভিনয়ের পাশাপাশি এ সিনেমার সিনেমাটোগ্রাফিও করেছেন তুষার।

কি আছে এই সিনেমায়?
সিনেমায় অস্তিত্বসংকটে ভোগা এক মানুষের মনস্তত্ত্ব দৃশ্যগ্রাহ্য করার চেষ্টা করেছেন নির্মাতা। যুবরাজ শামীম বলেন, ‘একজন মানুষ, যার প্রায়ই মনে হয় সে মৃত্যুপরবর্তী জীবন পার করছে কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছে। যেখানে সময়, চারপাশের সব চরিত্র-সব থমকে আছে। সেটাই সিনেমায় পোর্ট্রে করার চেষ্টা করেছি।’
নির্মাতা যুবরাজ শামীম আরও বলেন, ‘অতল মূলত আমাদের দুজনের জার্নি, আমরা দুজন একটা ক্যামেরা নিয়ে স্কুটিতে করে নানান জায়গায় ঘুরে বেড়িয়েছি, যে জায়গাটার সঙ্গে আমরা কানেকশন অনুভব করেছি সেখানেই আমরা ক্যামেরা বসিয়েছি, তুষার ভাই ক্যামেরা ঠিকঠাক করে ক্যামেরার সামনে দাঁড়ালে, আমি শুধু ক্যামেরা অন অফ করেছি। আমি আসলে ছবি নির্মাণকে কবিতার মত করে দেখি। যেখানে একজন কবি কবিতা লিখবার পর কখনও আমাদের মনে হয় না এই কবিতার বাজেট কত! বরং কবিতা হয়ে ওঠার পেছনে কবির যাপন কিংবা আর্টের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। ছবি নির্মাণের ক্ষেত্রে আমার কাছে আর্টের এই প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ। এখানে বাজেট বা কাস্টিং কিংবা ছবির গল্প কোনকিছুই আমার কাছে গুরুত্ব বহন করে না।’
‘অতল’ ছবির সাউন্ড করেছেন রিপন নাথ, কালারে ছিলেন আব্দুল্লাহ্ রাকিব এবং পোস্টার করেছেন মেঘদলের শিবু কুমার শীল। যুবরাজ এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের প্রতি।
‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’
এছাড়া মস্কোতে জায়গা পেয়েছে নির্মাতা আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এটি যাত্রাপালার ক্রমাবনতির গল্প, যেখানে দর্শকের চাহিদার চাপে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই সিনেমাটির মূল উপজীব্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। চরিত্রের প্রয়োজনে তাঁকে ওজন বাড়াতে হয়েছে প্রায় ৯ কেজি, শিখতে হয়েছে যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়। সিনেমায় তাঁর চরিত্রের নাম “রোজি”। ভাবনা জানান, এই চরিত্রটি করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক-দুই দিকেই পরিবর্তন এসেছে। চরিত্রটিকে তিনি ভালোবেসে ফেলেছেন বলে জানিয়েছেন।
নির্মাতা আসিফ ইসলামের আগের চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৬ এপ্রিল, ২৩ এপ্রিল এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে।


