অক্ষয় কুমার
বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবার সম্পূর্ণ ভিন্ন এক কথা বলে নেটিজেনদের আলোচনার শীর্ষে। উচ্চশিক্ষিত মানুষের সামনে দাঁড়ালে তিনি নিজেকে ‘ছোট’ মনে করেন বলে স্বীকার করেছেন এই অভিনেতা। কিন্তু কেন উচ্চশিক্ষিতদের সামনে নিজেকে ‘ছোট’ ভাবেন অক্ষয় কুমার ।
সম্প্রতি অক্ষয় কুমার তাঁর নিজের সঞ্চালিত অনুষ্ঠান ‘হুইল অব ফরচুন’ এর এক পর্বে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় এই ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সোনালী নামের এক প্রতিযোগীর উচ্চশিক্ষিত হওয়ার কারণে বেশ প্রশংসা করেন তিনি। এসময় অক্ষয় বলেন, যাঁরা বেশি পড়াশোনা করতে পারেননি, তারা অনেক সময় শিক্ষিতদের সামনে নিজেকে ছোট মনে করেন।

তিনি আরো জানান, জীবনের এই পর্যায়ে এসে তার মাঝে মাঝে আফসোস হয়, যদি আরো কিছুটা পড়াশোনা করতেন! তবে এখন আর বই নিয়ে বসা তার জন্য সহজ নয় বলেও জানান এই অভিনেতা। নিজেকে কেন ‘ছোট’ ভাবেন অক্ষয় কুমার তাঁর অন্যতম কারণ অক্ষয় কুমার ব্যক্তিগত জীবনে খুব বেশি উচ্চশিক্ষা গ্রহণ করেননি। বরং তিনি নজর দিয়েছেন অভিনয়, মার্শাল আর্টের মতো বিষয়গুলোতে।
বই পড়া এখন বেশ কঠিন
তবে তাঁর জন্য বই পড়া এখন বেশ কঠিন বলেও জানান। কেন কঠিন তা নিয়ে মজার ছলে অভিনেতা জানান, বই পড়তে গেলেই নাকি তার চোখে পানি চলে আসে।
তবে নিজের এই সীমাবদ্ধতার কথা স্বীকার করে নতুন প্রজন্মকে দিয়েছেন ইতিবাচক বার্তা। অক্ষয় কুমার এসময় স্পষ্টভাবে বলেন, “আমি শুধু বলতে চাই যে, পড়াশোনা খুব জরুরি। আমার মতো কাউকে অনুসরণ করো না, সোনালীর মতো মানুষদের অনুসরণ করো।”
অক্ষয়ের লেখিকা বউ
অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না একজন প্রতিষ্ঠিত লেখিকা। তিনি লন্ডনের গোল্ডস্মিথস থেকে কল্পকাহিনি রচনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তবে মজার বিষয়, অক্ষয় স্বীকার করেছেন স্ত্রীর লেখা পাঁচটি বইয়ের একটিও তিনি এখনো শেষ করে পড়তে পারেননি।

খুব শিগগিরই অক্ষয় কুমারকে দেখা যাবে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমায়। এই ছবিতে আরো অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং ওয়ামিকা গাব্বি।
হুইল অফ ফরচুন ইন্ডিয়া কি?
হুইল অফ ফরচুন ইন্ডিয়া হলো একটি ভারতীয় হিন্দি ভাষার টেলিভিশন গেম শো, যা ২০২৬ সালের শুরুতে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে চালু হয়। বিখ্যাত আমেরিকান ফরম্যাটের উপর ভিত্তি করে নির্মিত এই অনুষ্ঠানে প্রতিযোগীরা শব্দ ধাঁধা সমাধান করেন, নগদ পুরস্কারের জন্য একটি বিশাল চাকা ঘোরান এবং বলিউড ও পপ সংস্কৃতির নানা খুঁটিনাটি বিষয়ে আলোচনা ও প্রশ্ন করা হয় এতে। যার সঞ্চালনা করেন অভিনেতা অক্ষয় কুমার।


