‘সাইলেন্স জেসচার’
ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। ঠোঁটের ওপর তর্জনী রেখে কাউকে ‘চুপ’ থাকতে বলার যে পরিচিত ভঙ্গি—যা ইংরেজিতে ‘Shhhhhh!’ বা ‘সাইলেন্স জেসচার’ নামে পরিচিত। নির্মাতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাপারটি। সিনেমার চরিত্র যেমনই হোক না কেন, এই অ্যাকশনধর্মী ভঙ্গিটি বর্তমানে পোস্টার ও টিজারে বারবার ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকেই বলছেন, ঢালিউডে যেন নতুন এক স্টাইলের সূচনা হয়েছে। প্রশ্ন উঠছে হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!
এই ট্রেন্ডের আলোচনার সূত্রপাত মূলত গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমা থেকে। ছবিটির পোস্টারে মেগাস্টার শাকিব খানকে ঠোঁটে আঙুল রেখে ‘সাইলেন্স’ ভঙ্গিতে দেখা যায়, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তার এই লুক দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
এরপর একই ধরনের ভঙ্গিতে দেখা যায় ঢালিউড কুইন অপু বিশ্বাসকেও। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন সিনেমা ‘দুর্বার’-এর লুক প্রকাশিত হলে সেখানে তাকেও ঠোঁটে আঙুল রাখা অবস্থায় দেখা যায়। তবে অপুর এই লুক সামনে আসার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ কেউ বিষয়টি মজা করে দেখেছেন, আবার একাংশের দাবি—শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার লুকের জনপ্রিয়তাকে মাথায় রেখেই অপু বিশ্বাস এই ভঙ্গিটি ব্যবহার করেছেন।
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে নাজিফা তুষি

অন্যদিকে, এই ধরনের ভঙ্গির ব্যবহার নতুন নয় বলেও অনেকে মনে করিয়ে দিয়েছেন। ২০২১ সালে রায়হান রাফী পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ সিনেমায় অভিনেত্রী নাজিফা তুষিকে একই ভঙ্গিতে দেখা গিয়েছিল। তখন বিষয়টি খুব একটা আলোচনায় না এলেও এবার আবার তা নতুন করে সামনে এসেছে। কারণ, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’-এর টিজারেও তুষিকে সেই পরিচিত ‘সাইলেন্স’ লুকে দেখা গেছে। ফলে এখন সামাজিক মাধ্যমে তুষির ভক্তদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে—তার কোন লুকটি বেশি আকর্ষণীয়।
সাইলেন্স জেসচারে মেহজাবীন চৌধুরী
এদিকে এই আলোচনার মাঝেই নতুন করে আলোড়ন তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আসন্ন ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। গত বুধবার দুপুরে সিরিজটির টিজার প্রকাশের পর মেহজাবীনের অ্যাকশনঘন নতুন অবতারের পাশাপাশি তার ‘সাইলেন্স’ ভঙ্গিটিও দর্শকদের নজর কাড়ে। অনেকেই বলছেন, তার এই লুকটি অন্যদের তুলনায় বেশি শক্তিশালী ও আকর্ষণীয় মনে হয়েছে।

বর্তমানে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শাকিব খান, অপু বিশ্বাস, নাজিফা তুষি এবং মেহজাবীন চৌধুরীর এই ‘সাইলেন্স’ লুকের ছবিগুলো একসঙ্গে কোলাজ করে বিভিন্ন আলোচনা শুরু করেছেন। কেউ কেউ এটিকে মজার চ্যালেঞ্জ হিসেবেও ছড়িয়ে দিচ্ছেন।
একই সঙ্গে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—হঠাৎ করেই কেন ঢালিউডের পোস্টার ও টিজারে এই ‘সাইলেন্স’ জেসচারের এত ব্যবহার দেখা যাচ্ছে? তবে এত আলোচনা ও তুলনার মাঝেও আপাতত দর্শকদের প্রশংসায় সবচেয়ে এগিয়ে রয়েছেন মেহজাবীন চৌধুরীর লুক।


