ফজলুর রহমান বাবু
গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় অন্য একটি হাসপাতালে। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। ডাক্তাররা তাঁর ওপেন হার্ট সার্জারি করেন। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার।
মঙ্গলবার (৩ মার্চ) তাঁর অস্ত্রোপচার ও তৎপরবর্তী এই বিশ্রামের খবরটি গণমাধ্যমকে জানান ফজলুর রহমান বাবুর স্ত্রী কাজী রোকসানা রমা। রমা জানান, ফজলুর রহমান বাবুকে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। একই সঙ্গে আগামী এক বছর তাঁকে বিশ্রামে থাকার কথাও বলেছেন ডাক্তার।

রমা বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বাসায় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে বাসার কাছে ধানমন্ডির একটি হাসপাতালে নিই। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারি, বাবুর হার্ট অ্যাটাক হয়েছে। পরের দিন আরেকটি হাসপাতালে এনজিওগ্রাম করা হলে চিকিৎসক জানান, ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং খুব তাড়াতাড়ি। এরপর দ্রুত তা করা হয়। তিনি এখন ভালো আছেন।’
বাবুর এই খবরটি প্রথম জনসম্মুখে আনেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। তিনি সেসময় তাঁর সামাজিক মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসে বিষয়টি দেশবাসীকে জানান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করা হয়।
এরপর কামরুজ্জামান সাগর অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দেন। তিনি ফেসবুক পোস্টে জানান, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়াও প্রার্থনা করেন দেই স্ট্যাটাসে।
ফজলুর রহমান বাবুকে নিয়ে ‘ইনসাফ’
সর্বশেষ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে। পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া তাঁর আরেকটি সিনেমা গত বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক সিনেমা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাঁর সেই সিনেমাটির নাম মাস্তুল। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সিনেমাটি।
কোনো সংলাপ নেই, শুধু এক্সপ্রেশন

মাস্তুল সিনেমাটি নিয়ে সেসময় ফজলুর রহমান বাবু গণমাধ্যমকে বলেছিলেন, “এই সিনেমায় যে চরিত্রটি করেছি, তা আগে কোনোদিন করিনি। এখানে আমার কোনো সংলাপ নেই। শুধু এক্সপ্রেশন দিতে হয়। কাজটি অনেক কঠিন। তারপরও চরিত্রটি পাওয়ার পর ডুবে যাই এর ভেতরে। আর কোনো ভাবনা কাজ করেনি তখন। কেবল ভেবেছি কীভাবে কাজটি ভালো মতো করব।‘
এই খ্যাতনামা ও বৈচিত্র্যময় চরিত্রের অধিকারী অভিনেতার জন্য তাঁর ভক্ত ও নেটিজেনরা বেশ উদ্বিগ্ন। তবে তাঁর সফল অস্ত্রোপচারের পর বেশ স্বস্তি ফিরেছে ভক্তদের মনে।


