এমানুয়েল মাখোঁ
সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে বলিউডের বেশ কিছু তারকার সাথে আলাপও করেন। সেখানে এক র্যাপিড প্রশ্নের মুখে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে তা জানালেন তিনি নিজেই।
প্রেসিডেন্টের প্রিয় অভিনেতা হয়তো শাহরুখ খান হবেন এমনটাই ভেবেছিলেন উপস্থিতিরা। কিন্তু সবাইকে চমকে দিয়ে মাখোঁ বললেন অনিল কাপুরের নাম।

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তাঁর ভারত সফরে ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁকে সঙ্গে এনেছেন। তাঁরা মুম্বাই ও নয়াদিল্লি সফর করেন। সফরের অংশ হিসেবে তিনি অংশ নেন এআই ইমপ্যাক্ট সামিটে। এই সামিটে ভারত ও ফ্রান্স যৌথভাবে প্রযুক্তি, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে কাজ করছে, যা ‘হরাইজন ২০৪৭’ রোডম্যাপের অন্যতম অংশ।
তবে কূটনৈতিক বৈঠক ছাড়াও তিনি বলিউড তারকাদের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন।
সেখানের এক অনানুষ্ঠানিক প্রশ্নপর্বে তাঁকে জিজ্ঞেস করা হয়, তাঁর প্রিয় বলিউড অভিনেতা কে? উত্তরে মাখোঁ বলেন, ‘গতকাল আমি “জয় হো” বলেছিলাম, তাই বলব-অনিল কাপুর।’ ‘জয় হো’ শব্দবন্ধটি জনপ্রিয়তা পায় অস্কারজয়ী ছবি ‘স্লামগড মিলিওনিয়ার’-এর মাধ্যমে। সেই ছবিতে অনিল কাপুর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।
মাখোঁ তাঁর ইনস্টাগ্রামে বলিউডের বেশকিছু তারকা ব্যক্তিত্বদের সাথে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ফরাসি ভাষায় তিনি লেখেন, ‘ভারতীয় সিনেমার কিংবদন্তিদের পাশে। সংস্কৃতি আমাদের এক করে।’
ছবিতে দেখা যায় অনিল কাপুরের পাশাপাশি মনোজ বাজপেয়ী, জোয়া আখতার, রিচা চাড্ডা, শাবানা আজমি, রিকি কেজদেরকে।
পরে অনিল কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর সহধর্মিণীর সঙ্গে দারুণ এক বিকেল কাটালাম। সিনেমা, সংস্কৃতি এবং ভারত-ফ্রান্সের সেতুবন্ধ নিয়ে কথা হলো। ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘ হোক, আরও অনেক গল্প বলা বাকি।’


