ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা । ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার চিত্রনায়ক শাকিব খান সামাজিক মাধ্যমে শহীদদের স্মরণ করেছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর পেজে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন।

পোস্টের ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।’ ছবিটিতে সৃজনশীলভাবে তিনটি চলচ্চিত্রের ফিল্ম রোলকে লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে শহীদ মিনারের আদলে সাজানো হয়েছে, যা ভাষা আন্দোলনের স্মৃতিকে নতুনভাবে তুলে ধরে। ফিল্ম রোলগুলোর বিন্যাস শহীদ মিনারের স্তম্ভগুলোর প্রতীকী রূপ ধারণ করেছে। এর পাশে আরও একটি ফিল্ম রিল রাখা হয়েছে, যা চলচ্চিত্র জগতের উপস্থিতিকে ইঙ্গিত করে। শাকিব খানের এই পোস্টে চলচ্চিত্রের প্রতীক ফিল্ম রোলের সঙ্গে জাতির শোক, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক শহীদ মিনারকে একত্রে উপস্থাপন করা হয়েছে, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে শহিদ হন। সেই আত্মত্যাগের স্মরণে প্রতিবছর দিবসটি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।


