বাবা দিবসে স্মৃতি, ভালোবাসা
বাবা মানেই নির্ভরতার প্রতীক, নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম। সন্তানের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে যিনি নীরবে পাশে থাকেন, তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ দিন ‘বিশ্ব বাবা দিবস’। প্রতি বছরের মতো এবারও জুন মাসের তৃতীয় রোববার দিবসটি উদযাপিত হয়েছে বিশ্বজুড়ে। এ উপলক্ষে দেশের শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে নিজেদের আবেগ, স্মৃতি ও ভালোবাসার কথা ভাগ করে নিয়েছেন।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বাবা হারানোর বেদনা স্মরণ করে একটি হৃদয়স্পর্শী লেখা প্রকাশ করেন। প্রায় চার বছর আগে বাবাকে হারানোর কথা উল্লেখ করে তিনি জানান, ‘বাবা’ শব্দটি এখনও বুকের ভেতর আটকে আছে। বাবার শূন্যতা যে কত গভীর, তা কেবল পিতৃহারা সন্তানরাই বুঝতে পারে। এক নিদ্রাহীন রাতে বাবার ছবির সামনে দাঁড়িয়ে কাটানো সময়ের স্মৃতিও তিনি শেয়ার করেন।
অন্যদিকে অভিনেতা তৌসিফ মাহবুব তার বাবার আত্মত্যাগের একটি স্মৃতি তুলে ধরে আবেগঘন একটি পোস্ট করেন। তিনি জানান, ১৯৯৩ সালে তার বাবার মাসিক আয় ছিল মাত্র আট হাজার টাকা। সেই সময় নিজের সামর্থ্যের বড় একটি অংশ ব্যয় করে তাকে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন। কারণ একটাই, ছেলেকে শিক্ষিত ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন। তৌসিফ লিখেছেন, তার বাবা কখনো নিজের সীমাবদ্ধতার দিকে তাকাননি, বরং সন্তানের সম্ভাবনার ওপর বিশ্বাস রেখেছিলেন। তিনি আরও বলেন, আজ তিনি যা হয়েছেন, তার পেছনের ভিত্তিটা তৈরি করে দিয়েছেন তার বাবা।

শবনম ফারিয়া তার প্রয়াত বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি হলো তার বাবার গল্প, যিনি তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং কখনো কোনো চাওয়া অপূর্ণ রাখেননি। বাবার মৃত্যুর পর সৃষ্ট শূন্যতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই অভাব কখনো পূরণ হওয়ার নয়। তবে শ্বশুরকে দ্বিতীয় বাবার মতো পাওয়ার অনুভূতিও ভাগ করে নেন তিনি।
অভিনেত্রী সাফা কবীর তার বাবাকে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, বাবা শুধু তার অভিভাবক নন, বরং সবচেয়ে বড় সমর্থক এবং বন্ধু। জীবনের প্রতিটি মুহূর্তকে সহজ ও সুন্দর করে তোলার জন্য বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ইরফান সাজ্জাদ তার বাবার সুস্থতা কামনা করে লিখেছেন, ‘আল্লাহর কাছে সবসময় আপনার সুস্থতা কামনা করি আব্বা, বাবা দিবসে সকল বাবাকে জানাই শ্রদ্ধা।’

অভিনেত্রী কেয়া পায়েল বাবার সাথে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শুধু ‘বাবা’ লিখে তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।
অভিনেতা জিয়াউল হক পলাশ বাবাকে নিয়ে খুব সংক্ষিপ্ত কিন্তু আবেগপূর্ণ একটি অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, “আব্বার গায়ের গন্ধটা আমার কাছে খুব আপন।” একটি মাত্র বাক্যেই বাবার প্রতি গভীর মমত্ববোধ ফুটে ওঠে।
চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার বাবার উৎসাহ ও আশীর্বাদেই তিনি চলচ্চিত্র পরিচালক হতে পেরেছেন। জীবনে অনেক নায়কের সঙ্গে কাজ করলেও তার প্রকৃত নায়ক তার বাবাই।
বাবা দিবসে তারকাদের এসব পোস্ট আবারও মনে করিয়ে দিয়েছে, সন্তানের জীবনে বাবার অবদান কখনো শব্দে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তবু ভালোবাসা, কৃতজ্ঞতা ও স্মৃতির মধ্য দিয়েই তারা বাবাদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছেন।