Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২০, ২০২৬

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

শোবিজ তারকা
শোবিজ তারকা

ব্রাজিলের জয় উদযাপন

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে সমর্থকদের মুখে হাসি ফিরিয়েছে ব্রাজিল। দীর্ঘদিন পর ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মুগ্ধ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের এই জয় শুধু ফুটবলপ্রেমীদের মধ্যেই নয়, বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরপরই কেউ ব্রাজিলকে অভিনন্দন জানিয়েছেন, কেউ প্রতিপক্ষ সমর্থকদের খোঁচা দিয়েছেন, আবার কেউ ফুটবলকে ঘিরে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন।

ব্রাজিলের জয় উদযাপনে সবচেয়ে আলোচিত ছিলেন জনপ্রিয় শিক্ষক, উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা আয়মান সাদিক। তিনি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ চলাকালে ও পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ও স্টোরি শেয়ার করেন। গ্যালারিতে বসে ব্রাজিলের গোল উদযাপন এবং সমর্থকদের উচ্ছ্বাসের মুহূর্তও তিনি অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। নিজের প্রিয় দলের জয় সরাসরি মাঠে বসে দেখার অভিজ্ঞতা তাকে বিশেষভাবে আনন্দিত করেছে বলেও জানান।

অভিনেত্রী শাহনাজ খুশি ফুটবল নিয়ে পারিবারিক সৌহার্দ্যের একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। ফেসবুকে স্বামী ও নাট্যকার বৃন্দাবন দাসকে উদ্দেশ করে তিনি লিখেছেন, “আমরা দুজন, দুই দলের ভক্ত, কিন্তু কখনো খারাপ বাক্য বিনিময় হয়নি। কারণ, আমরা খেলাটার ভক্ত এবং তাঁর প্রথম প্রেম ফুটবল। যে দল বা দেশেরই খেলা হোক, তা সমান গুরুত্ব দিয়ে দেখা হয়।” পোস্টের শেষে তিনি ব্রাজিল সমর্থকদের জন্য শুভকামনাও জানান।

বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। ছবি: ফেসবুক

অভিনেতা শাজল নূরও ব্রাজিলের জয়ে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি। ম্যাচ শেষে তিনি ব্রাজিলের জার্সি পরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ছবির সঙ্গে সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, “অভিনন্দন ব্রাজিল।” তার পোস্টে ভক্তরাও ব্রাজিলের জয় নিয়ে নানা মন্তব্য করেন।

অভিনেত্রী জন্নাতুল সুমাইয়া হিমি বরাবরই ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত। দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তিনি প্রায়ই সামাজিক মাধ্যমে সমর্থন জানিয়ে থাকেন। হাইতির বিপক্ষে জয়ের পরও তার ব্যতিক্রম হয়নি। তিনি ব্রাজিলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন এবং দলের পারফরম্যান্সের প্রশংসা করেন। এর আগে ম্যাচের আগেও ব্রাজিলের জার্সি পরে নিজের একটি ছবি প্রকাশ করে দলের প্রতি সমর্থনের কথা জানিয়েছিলেন।

জন্নাতুল সুমাইয়া হিমি। ছবি: ফেসবুক

অভিনেতা ও কমেডিয়ান আবু হেনা রনিও নিজের স্বভাবসুলভ রসিকতায় ব্রাজিলের জয় উদযাপন করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, “কী বুঝলা? তোমাদের ওই তিন গোল দিতে, আমাদের অর্ধেক সময় লাগে। যাক, আজ তারা র‍্যাঙ্কিং লিস্ট খুঁজে বের করছে, যা আলজেরিয়া লুকিয়েছে।” তাঁর এই পোস্টে ফুটবলপ্রেমীদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত অভিনেত্রী মোনালিসা ম্যাচ শুরুর আগেই সমর্থকদের উদ্দেশে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছিলেন, “ব্রাজিল সাপোর্টাররা সাড়া দিন। আপনি ব্রাজিল সমর্থক হলে কমেন্ট করে জানান আপনার সমর্থন।” তার পোস্টে অসংখ্য ভক্ত নিজেদের সমর্থনের কথা জানান।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক অভিনেত্রী তানজিকা আমিন ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “আজকে সবচেয়ে বেশি হতাশ হয়েছে স্টেডিয়ামে বসে থাকা খোদ ব্রাজিল সমর্থকেরা। বেচারারা ঠিকমতো উল্লাসে মেতেই উঠতে পারল না। এত বোরিং খেলাও হতে পারে?” মন্তব্যটি ফুটবলভিত্তিক চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতারই একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

আর্জেন্টিনা সমর্থক অভিনেতা নিলয় আলমগীরও মজা করে একটি পোস্ট করেন। তিনি লিখেছেন, “হাইতিপুল একাদশের সঙ্গে বিজয়ে শুভেচ্ছা!” তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।

সংগীতশিল্পী পড়শী ও আবু হেনা রনি। ছবি: ফেসবুক

ব্রাজিলের জয় নিয়ে উচ্ছ্বসিত ছিলেন জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমিও। ম্যাচে তিন গোল হওয়ার পর তিনি লিখেছেন, “এখন থেকে মুখে কিছু কমু না।” সংক্ষিপ্ত হলেও পোস্টটি ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারও নিজের ফেসবুক পোস্টে ব্রাজিল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “অভিনন্দন ব্রাজিল দল।”

অভিনেতা ও কনটেন্ট নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের জয় উদযাপনে একটু ভিন্ন পথ বেছে নেন। তিনি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তার ভাতিজা নিজ হাতে ব্রাজিলের পতাকা এঁকেছে। ছোট্ট শিশুর এই সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশের বিষয়টি অনেকের মন ছুঁয়ে যায়।

জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীও ব্রাজিলের জয় উদযাপনে শামিল হন। তিনি ব্রাজিলের জার্সি পরে একটি রিল ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে ব্যবহার করা হয় তারই গাওয়া জনপ্রিয় গান ‘বড় একা’। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “Brazil Always”। তার এই পোস্ট ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।

সব মিলিয়ে ব্রাজিলের এই জয় শুধু মাঠেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শোবিজ তারকাদের পোস্ট, মন্তব্য ও শুভেচ্ছাবার্তা ফুটবলপ্রেমীদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের মজার খুনসুটি এবং ফুটবল ঘিরে আবেগ আবারও প্রমাণ করেছে, বাংলাদেশে ফুটবল কেবল একটি খেলা নয়, বরং একটি সাংস্কৃতিক উন্মাদনা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’-এর সেই শিশু তারকা

বলিউড ছেড়ে চিকিৎসক সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক শিশুশিল্পীকে। অনেকেই…
সাচেত ইঞ্জিনিয়ার

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিশ্বকাপ ঘিরে বিশেষ কিছু আয়োজনের ইঙ্গিত ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ থাকার এক সপ্তাহ…
ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি
0
Share