তানজিন তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের গুঞ্জন সম্প্রতি নিজেই নিশ্চিত করেছেন তিনি। এক সাক্ষাৎকারে সোলজার সিনেমাটির অগ্রগতি এবং শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি। সেই সাক্ষাৎকারে তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
তিনি জানান, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে শিডিউল জটিলতার কারণে বাকি অংশের শুটিং এখনো শেষ করা সম্ভব হয়নি। তিশার ভাষায়, তিনি এক মাসের মতো সময় মায়ের সঙ্গে দেশের বাইরে ছিলেন। এ কারণে এবং উভয়ের শিডিউল না মেলাতে প্রায় ২০ শতাংশ কাজ বাকি রয়ে গেছে।
তানজিন তিশা বলেন, সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ গানগুলোর শুটিং এখনো হয়নি। এটি তার প্রথম বড় পর্দার কাজ হওয়ায় বিষয়টি নিয়ে তিনি যথেষ্ট সতর্ক। দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান তিনি। সবার শিডিউল মিললেই গানগুলোর শুটিং সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।


মুক্তির সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। কারণ তার নিজের এবং শাকিব খানের আলাদা পরিকল্পনা থাকায় সময় মিলছে না। সবকিছু ঠিকঠাক হলে আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে আশা করছেন তিনি।
সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট। দূর থেকে আমরা অনেক কিছু বলি, কারণ বলতে ভালো লাগে। কিন্তু কাছ থেকে দেখলে বিষয়টি একদম উল্টো। আমি ভাবিনি তিনি কাজের ব্যাপারে এতটা সিরিয়াস হবেন। কিন্তু দেখলাম, কাজ নিয়ে তার সিরিয়াসনেস অনেক বেশি।’


