একুশে পদক
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। প্রতিষ্ঠান হিসেবে তালিকায় আছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’। এর মাধ্যমে দেশের প্রথম রকব্যান্ড হিসেবে একুশে পদক পেল ‘ওয়ারফেজ’ । বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

একুশে পদক পাওয়ার এই খবরটি ‘ওয়ারফেজ’ যখন পেল সেই মুহুর্তে ব্যান্ডটি একটি কনসার্টের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে। খবরটি শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ব্যান্ডের সদস্যরা।
ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু গণমাধ্যমকে বলেন, ‘একটি কনসার্টে পারফর্মের প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় এ খবর এল। খবরটি শুনে আমরা সবাই আপ্লুত। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সম্ভবত দেশের প্রথম ব্যান্ড হিসেবে রাষ্ট্রের এ সর্বোচ্চ সম্মাননা পাচ্ছে “ওয়ারফেজ”।’
সম্মানজনক এই অর্জনে দলনেতা টিপু স্মরণ করেছেন ব্যান্ডের সাবেক সব সদস্যকে। টিপু বলেন, ‘এ পথচলায় এখন পর্যন্ত যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, এ পুরস্কার সবার। প্রতিটা সদস্য থেকে নেপথ্যের প্রতিটা মানুষ এর ভাগীদার। এর কৃতিত্ব আমাদের প্রতিটি পরিবারের, তাদের অনেক স্যাক্রিফাইসে আমরা আজকের “ওয়ারফেজ”। কৃতজ্ঞতা জানাই আমাদের সব শ্রোতা ও গণমাধ্যমকে। আপনারা না থাকলে আমরা অর্থহীন।’

এ বছরের একুশে পদকের তালিকায় শোবিজ ও সঙ্গীতের অনেক তারকা আছেন। তালিকায় আছেন ব্যান্ডসংগীতের প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু ও অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। এ ছাড়া নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার এবং নৃত্যকলায় একুশে পদক পাচ্ছেন অর্থী আহমেদ।
ওয়ারফেজ-এ বর্তমানে ব্যান্ড সদস্য হিসেবে আছেন; ড্রামস ও ব্যান্ড লিডার হিসেবে শেখ মনিরুল আলম টিপু। লিড গিটারে আছেন ইব্রাহিম আহমেদ কমল। ভোকাল পলাশ নূর। কিবোর্ডে শামস মনসুর গনি। বেস গিটারে নাঈম হক রজার গিটারে সামির হাফিজ।


