ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমনির পুরনো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর ইনফ্লুয়েনসার নিয়ে শুরু হওয়া বাকযুদ্ধ এবার গড়িয়েছে সিনেমার সাফল্য-ব্যর্থতার হিসাব পর্যন্ত। সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমনির নাম না নিয়েই তাঁর অভিনয়জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাস।
বিতর্কের শুরু অপু বিশ্বাসের এক মন্তব্য থেকে। এক অনুষ্ঠানে সাংবাদিকরা পরীমনির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে অপু বলেন, একজন শিল্পীর উচিত সব সময় গোছানো জীবন যাপন করা। এই মন্তব্য ভালোভাবে নেননি পরীমনি।

এরপর ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন অপু। তাঁর মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর ইনফ্লুয়েনসারের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। নানা অনুষ্ঠানে ইনফ্লুয়েনসারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া নিয়েও আপত্তি জানান তিনি। সেই লাইভে তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বারিশা হককে ইঙ্গিত করে কথা বলেন।
পরীমনিকে অপু বিশ্বাসের খোঁচা আর পাল্টা পোস্ট
অপু বিশ্বাসের সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে পাল্টা কটাক্ষ করেন পরীমনি। ব্যঙ্গাত্মক ভাষায় অপুকে পরগাছা ও ব্যাঙাচি বলেও মন্তব্য করেন তিনি।
এবার গণমাধ্যমের সামনে সেই কটাক্ষের জবাব দিয়েছেন অপু বিশ্বাস। পরীমনির নাম সরাসরি না নিয়ে তিনি বলেন, যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ তাঁর লেভেলে আসার পর যেন তাঁকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলবেন তিনি। অপুর দাবি, বাকি সিনেমাগুলোও সেভাবে আলোচনায় আসেনি।
অপু আরও বলেন, তিনি ফেসবুক সেভাবে ব্যবহার করেন না। পরিবার আর বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানেই মন্তব্য করেন। তাঁর ভাষায়, যারা তাঁকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আসলে তাঁকে বেচতে চায়।
অপুর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবার সক্রিয় হয়েছেন পরীমনি। সেখানেও সরাসরি নাম না নিয়ে ইঙ্গিতে অপুকে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন স্বপ্নজালখ্যাত এই অভিনেত্রী। ফলে দুই নায়িকার পাল্টাপাল্টি মন্তব্যে তাঁদের দীর্ঘদিনের দ্বন্দ্ব আবার আলোচনায় ফিরে এসেছে।
এদিকে দুই তারকার ব্যক্তিগত আক্রমণ আর কাদা ছোড়াছুড়ি নিয়ে সমালোচনা করছেন শোবিজের অনেকেই। তাঁদের মতে, কাজ আর সৃজনশীলতা নিয়ে আলোচনার বদলে তারকাদের এমন প্রকাশ্য বিরোধ ঢালিউডের বর্তমান সংকটকেই আরও স্পষ্ট করে তুলছে।









