ভিউয়ের ঝড় তুলল তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’। মুক্তির মাত্র দুই দিনেই ১ কোটি ভিউ অতিক্রম করেছে নাটকটি, যা ক্যাপিটাল ড্রামার ইতিহাসে দ্রুততম সময়ে কোটির মাইলফলক ছোঁয়ার রেকর্ড।
গত ৬ নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘মন দুনিয়া’। প্রেম, বন্ধুত্ব, অভিমান আর পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত নাটকটি মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।

নাটকটিতে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত, প্রযোজনায় আনোয়ারুল আলম সজল; গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভ্র মাহমুদ।
কেন ঝড় তুলল তৌসিফ-তটিনীর নতুন নাটক
প্রেম, বন্ধুত্ব, অভিমান আর পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়েই সাজানো হয়েছে ‘মন দুনিয়া’। নাটকের কেন্দ্রে বিশ্ববিদ্যালয়পড়ুয়া আবির ও তুলি। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির (তৌসিফ মাহবুব)। আর সেখান থেকেই সহপাঠী তুলির (তানজিম সাইয়ারা তটিনী) সঙ্গে তার বন্ধুত্বের শুরু।
গল্পে মোড় আসে তখন, যখন একই বন্ধুমহলের রাতুল প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুলি জানিয়ে দেয়, সে ভালোবাসে আবিরকেই। কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার আশঙ্কায় নিজের অনুভূতি আড়াল করে দূরে সরে যেতে চায় আবির। এতে দুজনের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব আর না-বলা অভিমান।
এরপর দুই পরিবারের বিরোধিতা আর তুলির বাবার দেওয়া শর্তে সম্পর্কটা আরও জটিল হয়ে ওঠে। পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে একসময় হার মানতে হয় আবির ও তুলিকে। বিচ্ছেদের পর পেরিয়ে যায় দেড় বছরের বেশি সময়। দীর্ঘ অপেক্ষা, নীরবতা আর দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়েই গল্পের পরিণতি ঘটে।
তৌসিফ-তটিনী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ অনেকে। জীবনঘনিষ্ঠ সংলাপ আর বন্ধুত্বের বোঝাপড়ার গল্পই দর্শকদের সবচেয়ে বেশি ছুঁয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এর প্রতিফলন ভিউতেও; দুই দিনে ১ কোটির মাইলফলক পেরোনোর পর এখন নাটকটির ভিউ ছাড়িয়েছে ১ কোটি ২৬ লাখ।
এর আগে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকেও একসঙ্গে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তৌসিফ-তটিনী জুটি। সেই রসায়নই যেন আবার ফিরেছে ‘মন দুনিয়া’য়; মোড় আর আবেগে ভরা প্রেমের গল্প দর্শককে টেনে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্যাপিটাল ড্রামা রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর ডিজিটাল চ্যানেল। নাটকটির সাফল্য উদ্যাপন করে চ্যানেলটির পক্ষ থেকে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে একে চ্যানেলের দ্রুততম কোটি ভিউ পাওয়া নাটক হিসেবে উল্লেখ করা হয়েছে।

দর্শকের প্রতিক্রিয়াও ইতিবাচক; অনেকেই নাটকটি দুইবার করে দেখেছেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন। বিশেষ করে তটিনীর অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শকের কাছ থেকে।









