মক্কা থেকে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহা। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা আজ রোববার সামাজিক মাধ্যমে পবিত্র মক্কা থেকে দুটি বিশেষ ছবি শেয়ার করেছেন। ছবি দুটি আর তার ক্যাপশন দেখে ভক্তদের ধারণা, বিবাহিত জীবন শুরু করেছেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করা ছবিগুলোর একটিতে দেখা যায়, পবিত্র কাবা শরীফের সামনে এক ব্যক্তি নীহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন; দুজনেরই দৃষ্টি কাবার দিকে, ছবিটি তোলা হয়েছে পেছন থেকে। অন্য ছবিটিতে দেখা যায়, একে অপরের হাত ধরে আছেন তারা, সামনে পবিত্র কাবা শরীফ।
ছবির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে নীহা লিখেছেন, একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।
পোস্টের শেষে তিনি আরও যোগ করেন, আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক। তার এই বার্তা ও ছবি প্রকাশের পর থেকেই ভক্ত ও সহকর্মীদের ধারণা আরও জোরালো হয়েছে যে তিনি বিবাহিত জীবন শুরু করেছেন।
মক্কা থেকে বিয়ের ইঙ্গিতের পেছনের গল্প
এর আগে গত জুন মাসে সামাজিক মাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেছিলেন নীহা। পরবর্তীতে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি আর সিঙ্গেল নেই, সম্পর্কে জড়িয়েছেন। তবে সঙ্গীর পরিচয় নিয়ে তখনো মুখ খোলেননি তিনি।

এবারও সঙ্গী কে বা তার পরিচয় কী, সে বিষয়ে কিছুই জানাননি নীহা। তার তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি। এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, এক পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি; সেই গুঞ্জন নিয়ে তিনি কখনো মন্তব্য করেননি।
এদিকে নীহার এই সুখবরে সামাজিক মাধ্যমে উপচে পড়ছে শুভকামনা। ভক্ত ও সহকর্মীরা ভালোবাসার বার্তায় ভরিয়ে দিয়েছেন তার কমেন্ট বক্স।

তবে পরবর্তীতে কমেন্ট বক্স বন্ধ করে দেন অভিনেত্রী। এখন ভক্তদের অপেক্ষা, কবে তিনি নিজেই সঙ্গীর পরিচয় প্রকাশ্যে আনবেন।









