বক্স অফিসে ঝড় তুলেই চলেছে রজনীকান্তের ‘জেলার ২’। মুক্তির ১৭তম দিন শেষে বিশ্বজুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৯০ কোটি ৮৫ লাখ রুপি। আর মাত্র ৯ কোটি রুপির কিছু বেশি হলেই ছুঁয়ে ফেলবে ৮০০ কোটির মাইলফলক, যা তামিল সিনেমার ইতিহাসে প্রথম।
বাণিজ্য পোর্টাল সাকনিল্কের হিসাবে, ভারতে ছবিটির নেট আয় ৪৪৪ কোটি ৭৫ লাখ রুপি আর গ্রস আয় ৫২০ কোটি ৩৫ লাখ। বিদেশের বাজার থেকে এসেছে আরও ২৭০ কোটি ৫০ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে এসেও ছবিটির গতি কমেনি।

শনিবারে বেড়েছে আয়ের গতি
শনিবার, মুক্তির ১৭তম দিনে ভারতে ৯ কোটি ৩৫ লাখ রুপি নেট আয় করেছে ‘জেলার ২’, আগের দিনের চেয়ে যা প্রায় ৭০ শতাংশ বেশি। এদিন সারা ভারতে ছবিটির ৮ হাজার ৭৩৮টি শো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে।

আগের সব রেকর্ড ভেঙে ‘জেলার ২’ এখন তামিল সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি। প্রথম ছবি ‘জেলার’-এর মোট আয়কেও অনেক পেছনে ফেলেছে সিক্যুয়েলটি। রজনীকান্তের আগের ছবি ‘কুলি’র বিশ্বব্যাপী আয় ছিল ৪৯৯ কোটি ৪০ লাখ রুপি, সেই হিসাবে ‘জেলার ২’ এগিয়ে আছে প্রায় ২৯১ কোটি রুপি।
নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে গত ১৫ অক্টোবর। এতে রজনীকান্তের সঙ্গে আছেন রম্যা কৃষ্ণন, বিদ্যা বালান, যোগী বাবু ও মিঠুন চক্রবর্তী। বিশেষ উপস্থিতিতে আছেন মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন ও বিজয় সেতুপতি। সব মিলিয়ে ২০২৬ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি এখন ‘জেলার ২’।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া









