Sunday, November 1, 2026

তানিয়া বৃষ্টি ফিরলেন শুটিংয়ে, ‘অংশীদার’ নাটকে

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। প্রায় নয় মাস পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। গত ২৬ অক্টোবর ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী। শুটিংয়ে ফিরে বেশ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত ছিলেন তানিয়া।

ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘অংশীদার’। নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নির্মাতা ইকসান রনি তানিয়াকে স্বাগত জানিয়েছেন। শুটিংয়ের ফাঁকে পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তেও দেখা গেছে তাঁকে।

তানিয়া বৃষ্টি ফিরলেন শুটিংয়ে, ‘অংশীদার’ নাটকে
ছবি: সংগৃহীত

নাটকটির গল্পে উঠে এসেছে নারীর উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়। গল্পে দেখা যায়, বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেন তাঁদের চাচা ও পরিবারের অন্য সদস্যরা। একপর্যায়ে বড় বোন নিজের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠেন।

নির্মাতা ইকসান রনি বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

তানিয়া বৃষ্টি ফিরলেন শুটিংয়ে, ‘অংশীদার’ নাটকে
ছবি: সংগৃহীত

তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরা প্রসঙ্গে ইকসান রনি বলেন, ‘গেল বছরের শেষ দিকে তানিয়া (বৃষ্টি) আপুর সঙ্গে আমার কাজ করার কথা ছিল। হুট করেই তাঁর অসুস্থতার খবর শুনি। এরপর আমাদের আর কাজটি করা হয়নি। মাসখানেক ধরে আবার আমাদের আলাপ হচ্ছিল। গল্পটি পড়ে ফোন করে জানালেন, কাজটি করতে চান। শুটিংয়ের আগে দুই দিন বসেছিলাম। তিনিও অভিনয়ে ফেরার জন্য বেশ উদ্‌গ্রীব ছিলেন। শুটিংয়ে তাঁকে আমার আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমার এই চরিত্রেও তিনি দারুণ কাজ করেছেন। নাটকটি প্রচারের পর সবাই তা বুঝতে পারবেন।’

তানিয়া বৃষ্টি ফিরলেন শুটিংয়ে, ‘অংশীদার’ নাটকে
ছবি: সংগৃহীত

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। শুটিংয়ে ডলি জহুর ও ফজলুর রহমান বাবুর সঙ্গেও দেখা গেছে তানিয়াকে।

শিগগিরই নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায়। টেলিভিশনে প্রচারের পর এটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।

ব্রেন টিউমার থেকে দুই দফা অস্ত্রোপচার

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। বেশ কিছুদিন ধরে মাথাব্যথা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিছানায় বসা একটি ছবি প্রকাশ করে নিজের অসুস্থতার কথা জানান অভিনেত্রী। পরদিন ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর প্রথম অস্ত্রোপচার হয়।

তানিয়া বৃষ্টি ফিরলেন শুটিংয়ে, ‘অংশীদার’ নাটকে
তানিয়া বৃষ্টি, ছবি: সংগৃহীত

প্রায় চার ঘণ্টা ধরে চলা ওই অস্ত্রোপচারে চিকিৎসকেরা মস্তিষ্কের টিউমার অপসারণ করেন। অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ৭২ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

তবে চিকিৎসার জন্য সেখানেই থেমে থাকেননি অভিনেত্রী। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে দ্বিতীয়বারের মতো মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাঁকে ১১ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে চিকিৎসা ও বিশ্রাম চালিয়ে যান তিনি।

চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিও নিতে হয়েছে তানিয়াকে। গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অভিনেত্রী বলেছিলেন, ছয় মাসের কেমোথেরাপির মধ্যে তিন মাস শেষ হয়েছে এবং তখন চতুর্থ মাসের চিকিৎসা চলছিল। চিকিৎসা শেষে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

দীর্ঘ এই সময়ে অভিনয় ও শুটিং থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। তবে সুস্থ হয়ে আবার কাজে ফেরার ইচ্ছা ছিল তানিয়ার। অবশেষে ‘অংশীদার’ নাটকের শুটিং দিয়ে সেই ইচ্ছা পূরণ হলো।

Share

Read more

Local News