Home বলিউড ‘অবসেশন’ এর হিন্দি সংস্করণে কৃতি-বরুণ, মুক্তি ৩০ অক্টোবর

‘অবসেশন’ এর হিন্দি সংস্করণে কৃতি-বরুণ, মুক্তি ৩০ অক্টোবর

অবসেশন’ এর হিন্দি সংস্করণে কৃতি-বরুণ, মুক্তি ৩০ অক্টোবর
অবসেশন’ এর হিন্দি সংস্করণে কৃতি-বরুণ, মুক্তি ৩০ অক্টোবর

হলিউডের সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘অবসেশন’ এর হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও অভিনেতা বরুণ ধাওয়ান। সিনেমাটির হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দেওয়ার পাশাপাশি আলোচিত একটি দৃশ্য পুনর্নির্মাণ করেও দর্শকদের নজর কেড়েছেন তারা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতির অভিনয় ও কণ্ঠ দেওয়ার দক্ষতা নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর রাত ৭টায় জিওহটস্টারে মুক্তি পাবে ‘অবসেশন’ এর হিন্দি ও ইংরেজি সংস্করণ। সিনেমাটি এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

‘অবসেশন’ সিনেমায় নিকি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৃতি শ্যানন। অন্য অভিনেত্রীর অভিনীত চরিত্রে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম তার। কৃতি জানিয়েছেন, সিনেমাটি দেখার সময় এর গল্প এবং অভিনয়শিল্পীদের কাজ তার ভালো লেগেছে। গল্পটিকে তিনি আকর্ষণীয়, কিছুটা অদ্ভুত এবং রহস্যে ভরা বলে বর্ণনা করেছেন।

নিকি চরিত্রটি তার আগের কাজগুলোর চেয়ে আলাদা বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। এমন একটি চরিত্রে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা তার কাছে একই সঙ্গে আনন্দের ও চ্যালেঞ্জিং ছিল। পুরো কাজটি উপভোগ করেছেন তিনি। দর্শকেরা হিন্দি সংস্করণে সিনেমাটি দেখবেন, এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন কৃতি।

অবসেশন
অবসেশন

সিনেমাটির বেয়ার চরিত্রে কণ্ঠ দিয়েছেন বরুণ ধাওয়ান। তার মতে, হিন্দি সংস্করণে কাজ করার সুযোগ গল্পটিকে নতুনভাবে দেখার অভিজ্ঞতা দিয়েছে। সিনেমাটি মনোযোগ দিয়ে দেখার ফলে প্রথমবার দেখার সময় চোখ এড়িয়ে যাওয়া অনেক ছোট বিষয়ও তার নজরে এসেছে।

বরুণ বলেন, গল্পের বিভিন্ন খুঁটিনাটি বিষয় কাছ থেকে বোঝার সুযোগ পাওয়ায় অভিজ্ঞতাটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। দর্শকেরাও হিন্দি সংস্করণ দেখার সময় এসব বিষয় নতুনভাবে আবিষ্কার করতে পারবেন বলে আশা করছেন তিনি।

সম্প্রতি জিওহটস্টার প্রকাশিত একটি ভিডিওতে কৃতি ও বরুণকে ‘অবসেশন’ এর আলোচিত ‘নো নো নো নো…’ সংলাপের দৃশ্যটি পুনর্নির্মাণ করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতির অভিনয় নিয়ে প্রশংসা করেন অনেকে।

‘অবসেশন’ এর হিন্দি সংস্করণে কৃতি-বরুণ
‘অবসেশন’ এর হিন্দি সংস্করণে বরুণ-কৃতি

একজন নেটিজেন মন্তব্য করেন, কৃতির অভিনয়ের বৈচিত্র্য নিয়ে গবেষণা করা উচিত। অন্য একজন মনে করেন, ভারতীয় সংস্করণে ‘অবসেশন’ এর গল্প তুলে ধরার জন্য এই দুই অভিনেতা উপযুক্ত। কৃতির অভিনয়প্রতিভাকে বলিউড এখনো পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলেও মন্তব্য করেছেন এক দর্শক।

বক্স অফিসে সাফল্য

কারি বেকার পরিচালিত ‘অবসেশন’ এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইন্ডে নাভারেট ও মাইকেল জনস্টন। সিনেমাটি গত বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়। পরে চলতি বছরের ২৯ মে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে সিনেমাটির আয় ছিল ৮৪.৯০ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় হয়েছে ৩ হাজার ৮৫১.১৪ কোটি রুপি। ব্লুমহাউস প্রোডাকশনস, ক্যাপস্টোন স্টুডিওস ও টি শপ প্রোডাকশনস সিনেমাটি প্রযোজনা করেছে। এবার হিন্দি ভাষায় মুক্তির মাধ্যমে ভারতীয় দর্শকেরা নিজেদের ভাষায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here