গ্যালারিও এখন ফুটবল বিশ্বকাপের বড় মঞ্চ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর উত্তাপ শুধু সবুজ ঘাসের লড়াইয়েই সীমাবদ্ধ নেই, সমানভাবে আলোচনায় রয়েছে তারকাখচিত বিশ্বকাপ গ্যালারি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই মহাযজ্ঞে প্রতিদিনই স্টেডিয়ামের ভিআইপি বিশ্বকাপ গ্যালারি হয়ে উঠছে বিশ্বখ্যাত তারকাদের মিলনমেলা। চলচ্চিত্র, সংগীত, ক্রীড়া ও বিনোদন জগতের নামকরা ব্যক্তিদের উপস্থিতি বিশ্বকাপের আবহে যোগ করেছে ভিন্ন মাত্রা। যা মাঠের রোমাঞ্চের পাশাপাশি দর্শকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বকাপ গ্যালারি।

বিশ্বকাপের গ্যালারিতে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-পরাগুয়ে ম্যাচ। দর্শকদের নজর কাড়ে হলিউড সুপারস্টার টম ক্রুজ ও ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহামের একসঙ্গে খেলা উপভোগের দৃশ্য। তাদের সঙ্গে ছিলেন ফ্যাশন আইকন ও সাবেক স্পাইস গার্লস সদস্য ভিক্টোরিয়া বেকহাম। স্টেডিয়ামের ভিআইপি বক্সে এই তারকাত্রয়ের উপস্থিতি মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা মার্কিন পপ তারকা কেটি পেরিও গ্যালারি থেকে ম্যাচ উপভোগ করেন। তার পাশে দেখা যায় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। একই ম্যাচে উপস্থিত ছিলেন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব প্যারিস হিলটন এবং জনপ্রিয় অভিনেতা জেসন সুডেইকিস। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারির এই তারকা সমাবেশও ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল-মরক্কো ম্যাচেও ছিল তারকাদের সরব উপস্থিতি। গ্যালারির আলোচনায় ছিলেন এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি ও বিশ্বখ্যাত র্যাপার ট্রাভিস স্কট। ম্যাচ শুরুর আগে তারা ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের আলোচিত গান ‘সির সির’ এর শিল্পী নোরা ফাতেহিও ছিলেন দর্শকসারিতে। কানাডায় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর তিনি ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে মাঠে যান। নিজের শিকড়ের দেশ মরক্কোকে সমর্থন জানিয়ে ম্যাচ চলাকালে নিয়মিত ছবি ও রিলস শেয়ার করেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
ব্রাজিলের ম্যাচে উপস্থিত ছিলেন দেশটির ফুটবল ইতিহাসের তিন মহাতারকা রোনালদো নাজারিও, কাকা ও রবার্তো কার্লোস। ভিআইপি গ্যালারিতে দেখা যায় ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাকেও। তাদের উপস্থিতিতে গ্যালারির আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

স্কটল্যান্ড ও হাইতির ম্যাচে গ্যালারিতে দেখা যায় ব্রিটিশ সংগীত কিংবদন্তি রড স্টুয়ার্টকে। সন্তানদের সঙ্গে বোস্টনে এসে তিনি স্কটল্যান্ডের খেলা উপভোগ করেন। ৮১ বছর বয়সী এই শিল্পী জানান, এটি তার জীবনের সপ্তম বিশ্বকাপ। দীর্ঘ ২৮ বছর পর স্কটল্যান্ডের ম্যাচ বিশ্বকাপ গ্যালারি থেকে উপভোগ করতে চেয়েছেন।
এবারের বিশ্বকাপে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারির তারকাময় উপস্থিতিও সমান আলোচনায়। টম ক্রুজ, ডেভিড বেকহাম, নোরা ফাতেহি, টম ব্র্যাডি থেকে শুরু করে বিশ্বের নানা অঙ্গনের তারকারা বিশ্বকাপের আবহকে আরও বর্ণিল করে তুলেছেন। ফলে ফুটবলপ্রেমীদের কাছে এখন ম্যাচের পাশাপাশি গ্যালারির তারকাখচিত দৃশ্যও হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ।