রকস্টার-রইদ-মালিক
ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ৮টি সিনেমা। এর মধ্যে মোট চারটি সিনেমা লোকমুখে ব্যাপক আলোচনায়। এই চার সিনেমাগুলো হল ‘রকস্টার’, ‘রইদ’ ও বনলতা সেন ও ‘মালিক’। এই চার সিনেমার মধ্যে ঈদের তিন সিনেমা দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছে।
৪১টি প্রেক্ষাগৃহে রকস্টার
ঈদের সিনেমাগুলোর মধ্যে ঢালীউডের মেগাস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’ গত শুক্রবার থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কয়ারক্রো।

পরিচালক আজমান রুশোর ‘রকস্টার’ এক সংগীতশিল্পীর জীবন, সাফল্য ও ব্যক্তিগত টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা।
সিডনি ও মেলবোর্নে রইদ
অন্যদিকে, পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ গত ৫ জুন অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে মুক্তি পেয়েছে। পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরার দর্শকরাও ছবিটি দেখতে পারবেন। স্ক্রিন এক্সকোপ ও দেশি ইভেন্টস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটি পরিবেশন করছে।

রইদ সিনেমাটি গ্রামীণ জীবন ও লোকজ বাস্তবতার পটভূমিতে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে সাধু নামের এক যুবক। মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে সবুজে ভরা এক গ্রামে বসবাস করা এই যুবক একসময় স্ত্রীর আচরণে অতিষ্ঠ হয়ে তাকে দূরে কোথাও ফেলে আসার চেষ্টা করে। কিন্তু রহস্যজনকভাবে স্ত্রী বারবার বাড়ির পথ খুঁজে ফিরে আসে। মানবিক সম্পর্ক, অপরাধবোধ, দায়িত্ববোধ ও ভালোবাসার অনন্য গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সিনেমাটিকে দর্শকেরা আদম ও হাওয়ার কাহিনীর রূপক হিসেবে ব্যাখ্যা করছেন।
অস্ট্রেলিয়ায় মালিক
ঈদে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা ‘মালিক’। এই সিনেমাটি আগামী ১৩ ও ১৪ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাংকসটাউনে প্রথম প্রদর্শিত হবে। সিনেমাটি নির্মাণ করেছেন সাইফ চন্দন। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস।

এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও আরেফিন শুভ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী উপলক্ষে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ছবির নায়ক আরিফিন শুভ।
দেশীয় প্রেক্ষাগৃহে ঈদের দর্শক টানার পাশাপাশি এসব সিনেমা আন্তর্জাতিক বাজারেও বেশ সফল হবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। তাছাড়া প্রবাসী বাংলাদেশীদের জন্যও এটি একটি দারুণ সুযোগ দেশের সিনেমা দেখার।


