করপোরেট চাকরির নিরাপদ জীবন ছেড়ে কমেডিয়ান হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন সুমুখী সুরেশ। তখন তাঁর ব্যাংক হিসাবে ছিল মাত্র ৫০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার টাকা। এখন সেই সুমুখীর সম্পদের পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।
সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শুরুর দিনগুলোর কথা বলেছেন তিনি। তাঁর ভাষায়, ভেবেছিলেন ওই টাকায় তিন থেকে চার মাস চলে যাবে। পরে বুঝেছেন, মুম্বাইয়ে এক সপ্তাহেই ওই টাকা খরচ হয়ে যেতে পারে। তখন সবচেয়ে বড় চিন্তা ছিল টিকে থাকা।

চাকরি ছেড়ে কমেডির মঞ্চে সুমুখী সুরেশ
নাগপুরের মধ্যবিত্ত ও রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা সুমুখী পুষ্টিবিজ্ঞান ও ডায়েটেটিকস নিয়ে পড়াশোনা করেছেন। খাদ্য পরীক্ষাগারে কাজ করে করপোরেট জীবনে কেটেছে এক দশকের বেশি সময়। কাজের ফাঁকে শুরু করেন ইম্প্রোভ, স্ট্যান্ডআপ আর স্কেচ কমেডি।
একসময় চাকরির পাশাপাশি কমেডি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তখনই কমেডিকে পেশা হিসেবে নেওয়ার বড় সিদ্ধান্ত নেন তিনি। কমেডির শুরুটা ছিল বেঙ্গালুরুতে, ২০১৩ সালের দিকে। ২০১৪ সালে ‘আনু আন্টি’ প্যারোডি ভিডিও দিয়ে অনলাইনে নজর কাড়েন তিনি।
তাঁকে আলাদা পরিচিতি এনে দেয় অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘পুষ্পাবল্লী’। নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিরিজটির নির্মাণ ও লেখালেখিতেও যুক্ত ছিলেন তিনি। ২০১৭ সালে প্রথম মৌসুমের পর ২০২০ সালে আসে দ্বিতীয় মৌসুম। ২০২১ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান মোটরমাউথও চালু করেন তিনি।
অ্যামাজন প্রাইম ভিডিওর এই সিরিজটির দুটি সিজনই দর্শকের ভালোবাসা পেয়েছে। এরপর সুমুখী সুরেশের পরিচিতি ছড়িয়ে পড়ে সারা ভারতে, আর তিনি হয়ে ওঠেন দেশের জনপ্রিয় নারী কমেডিয়ানদের একজন।

এখন আলোচনায় তাঁর প্রথম নেটফ্লিক্স স্ট্যান্ডআপ স্পেশাল ‘হোমোনাল’। ২০২১ সালে লেখা শুরু করা শোটি ভারতের নানা শহর ঘুরে এডিনবরা ফ্রিঞ্জ উৎসবেও গেছে। গত ১৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। তিরিশের দশকের জীবন, সম্পর্ক, একাকিত্ব আর মাতৃত্ব নিয়ে সামাজিক চাপ, সবই উঠে এসেছে হাস্যরসে।
আয়ের হিসাব বলছে, ভারতের দৈনিক জাগরণের এক প্রতিবেদনে সুমুখীর সম্পদের পরিমাণ বলা হয়েছে ১৫ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। স্ট্যান্ডআপ শো, আন্তর্জাতিক ট্যুর, অভিনয় আর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আসে তাঁর আয়ের বড় অংশ।
নাগপুরে জন্ম নেওয়া সুমুখীর ক্যারিয়ারের নতুন অধ্যায় এই ‘হোমোনাল’। নিশান্ত নায়েকের পরিচালনায় স্ট্যান্ডআপ স্পেশালটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত ১৪ অক্টোবর।
রক্ষণশীল পরিবেশ থেকে উঠে এসে নিজের শর্তে ক্যারিয়ার গড়েছেন সুমুখী। প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিতে না মেলায় প্রধান চরিত্র পেতে সমস্যা হতো বলে নিজেই নিজের চরিত্র তৈরি করে নিয়েছেন তিনি। ‘হোমোনাল’-এর সাফল্য সেই পথচলারই নতুন মাইলফলক।









