এআইয়ের ছোঁয়ায় আশির দশকের লুকে তারকারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করছেন নতুন এক নস্টালজিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সাজানো হচ্ছে চার দশক আগের ফ্যাশন ও সৌন্দর্যের আদলে। কারও চোখে বড় ফ্রেমের চশমা, কারও পরনে রঙিন পোশাক। আবার কারও চুলের সাজেও দেখা যাচ্ছে পুরোনো দিনের ছাপ। ফলে পরিচিত তারকাদের একেবারেই ভিন্ন অবতারে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।
নতুন এই ট্রেন্ডে সাধারণ মানুষের পাশাপাশি মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। নিজেদের বর্তমান ছবিকে আশির দশকের ফ্যাশন ও সৌন্দর্যবোধে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তারা। প্রকাশের পরপরই ছবিগুলো ছড়িয়ে পড়ছে ভক্তদের মধ্যে। তৈরি হচ্ছে কৌতূহল, আলোচনা আর পুরোনো দিনের প্রতি নস্টালজিয়া।

এই ট্রেন্ডে যোগ দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এআইয়ের তৈরি আশির দশকের লুকে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। ছবির সঙ্গে সংক্ষিপ্ত করে লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’ তার সেই পোস্টও অনুসারীদের নজর কেড়েছে।

রেট্রো লুকে তৌসিফ, তমা ও পূজা
তৌসিফ মাহবুবের ছবিতেও রয়েছে আশির দশকের পরিচিত আমেজ। নিজের রেট্রো লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’ তার ছবিতে পোশাক ও সাজের পাশাপাশি পুরোনো সময়ের পরিবেশও ফুটিয়ে তোলা হয়েছে।

একই ধারায় এআই-নির্মিত ছবি প্রকাশ করেছেন তমা মির্জা। আশির দশকের অবয়বে নিজের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’ তার এই পোস্টও ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

নায়কসুলভ রেট্রো লুকে অপূর্ব
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ছবিতে ধরা পড়েছে আশির দশকের নায়কসুলভ উপস্থিতি। বাইকে বসা, চোখে কালো চশমা আর সে সময়ের আদলের পোশাকে দেখা গেছে তাকে। ছবির সঙ্গে অপূর্ব লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত…।’ তার এই রেট্রো অবতার নিয়েও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

অভিনেত্রী ভাবনাও নিজেকে সাজিয়েছেন আশির দশকের আবহে। এআইয়ের তৈরি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি-ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’ ছবিতে পুরোনো দিনের ফ্যাশনের পাশাপাশি ফুটে উঠেছে নস্টালজিক আবহ।

পূজা চেরীও বাদ যাননি নতুন এই আয়োজন থেকে। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন, ‘করলাম আরকি।’ এআইয়ের তৈরি ছবিতে তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রেট্রো অবতারে।

‘চা গরম’ এর সাফাও রেট্রো আবহে
‘চা গরম’ সিনেমায় ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে আশির দশকের লুকে। এআইয়ের মাধ্যমে তার চরিত্রের সাজসজ্জা ও পুরো দৃশ্যপটে যোগ করা হয়েছে সে সময়ের ফ্যাশন ও ভিজ্যুয়াল আবহ। ফলে পরিচিত চরিত্রটিকেও দেখা গেছে ভিন্ন এক নান্দনিকতায়।

অর্চিতা স্পর্শিয়ার ছবিতেও ফুটে উঠেছে চার দশক আগের ফ্যাশন। নস্টালজিক সাজ, পোশাক ও পুরোনো দিনের আবহে তৈরি ছবিতে তাকে দেখা গেছে অন্যরকম এক অবতারে। অভিনেত্রী নাবিলাও শামিল হয়েছেন এই ট্রেন্ডে। তার ছবিতেও রয়েছে আশির দশকের স্টাইল ও ভিনটেজ আমেজ।
শাকিব খানকে নিয়ে ভক্তদের কৌতূহল
তারকাদের এই রেট্রো যাত্রায় এখনো সরাসরি যুক্ত হননি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিজের আশির দশকের কোনো লুক প্রকাশ না করলেও তাকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি। বরং এআই ব্যবহার করে প্রিয় নায়কের আশির দশকের নানা ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তারা।

শাকিব খান যদি আশির দশকে চলচ্চিত্রের নায়ক হতেন, তাকে কেমন দেখাত—ভক্তদের সেই কৌতূহলই এসব ছবির মূল আকর্ষণ। ফলে নিজের ছবি না দিয়েও এই ট্রেন্ডের আলোচনায় রয়েছেন তিনি।
সব মিলিয়ে এআইয়ের ছোঁয়ায় আশির দশকের লুকে তারকাদের এই উপস্থিতি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন ট্রেন্ড নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে পুরোনো ফ্যাশন, নান্দনিকতা ও সময়ের স্মৃতি। প্রযুক্তির সাহায্যে বর্তমানের তারকাদের চার দশক আগের আবহে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আর সেই কারণেই রেট্রো লুকের এই আয়োজন দ্রুতই শোবিজ অঙ্গনের আলোচিত ট্রেন্ডে পরিণত হয়েছে।







