স্ত্রী গৌরী খানের নকশা করা বাড়িতে কোনো কিছু নিয়ে অভিযোগ করতে পারেন না বলিউড অভিনেতা শাহরুখ খান। ওয়াইফাইয়ের সমস্যা থেকে শুরু করে বাড়ির রং কিংবা আসবাব-কোনো কিছু নিয়েই মন্তব্য করার সুযোগ নেই তাঁর। সম্প্রতি দুবাইয়ে একটি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেতা।
গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে ‘শাহরুখজ বাই ডানিউব’ নামের আবাসন প্রকল্পটির উদ্বোধন হয়। এ প্রকল্পের পেন্টহাউসগুলো নকশা করেছেন শাহরুখের স্ত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নির্মাতা করণ জোহর।
একপর্যায়ে করণ জানতে চান, নিজের বাড়িতে কোন কাজটি করার অনুমতি এখনো পান না শাহরুখ? উত্তরে অভিনেতা বলেন, ‘নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।’ তাঁর এই কথায় হাসিতে মেতে ওঠেন উপস্থিত অতিথিরা।
এরপর গৌরীর বাড়ির নিয়ম গুলো নিয়ে মজা করে শাহরুখ বলেন, বাড়ির কোনো কিছু নিয়ে তিনি বা তাঁর সন্তানেরা অভিযোগ করতে পারেন না। ওয়াইফাই নিয়ে সমস্যা থাকলেও কিছু বলা যাবে না। বিছানায় বসে খাওয়া কিংবা বাড়ির রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ ও আলোর ব্যবস্থা নিয়েও মন্তব্যের সুযোগ নেই।
শাহরুখের ভাষায়, তাঁদের শুধু চুপচাপ বসে বাড়ি উপভোগ করতে হয় এবং গৌরীকে বলতে হয়, ‘তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!’ এখানকার পেন্টহাউসেও গেলে তাঁকে একই প্রশংসা করতে হবে বলে মজা করেন তিনি।
অভিনেতা আরও বলেন, বাড়ির বাইরে তিনি ও তাঁর দুই সন্তান আরিয়ান ও সুহানা নিজেদের মতো আনন্দ করতে পারেন। কিন্তু বাড়িতে ঢুকলেই সবাইকে নিয়ম মেনে চলতে হয়।
অনুষ্ঠানে করণ জোহর মজা করে জানতে চান, শাহরুখ ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রীকে বেশি ভয় পান। জবাবে শাহরুখ তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপ শোনান। বলেন,
হাজার মুলকো মে বদনাম, অউর দুনিয়া নে দিয়া এক হি নাম। অউর ও পতা হ্যায় কিউঁ? কিউঁকি ম্যায় ডর নহি, দেহশত হুঁ।’ অর্থাৎ, হাজার দেশে বদনাম হলেও পৃথিবী তাঁকে এক নামেই চেনে, কারণ তিনি ভয় নন, আতঙ্ক। তাঁর সংলাপে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা।
‘কিং’ সিনেমায় শাহরুখ ও সুহানা
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় দেখা যাবে শাহরুখকে। এতে আরও অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি ও অভয় ভার্মা।
‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ। ছবিটি সুহানার জন্যও বিশেষ। কারণ, বাবার সঙ্গে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। এর আগে ২০২৩ সালে জোয়া আখতারের নেটফ্লিক্স সিনেমা ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে অভিনয়ে নাম লেখান সুহানা।









