কিছু কণ্ঠ সময়ের সঙ্গে হারিয়ে যায় না। বরং সময় যত গড়ায়, তাদের আবেদন যেন আরও গভীর হয়। সঞ্জীব চৌধুরী তেমনই এক শিল্পী। তাঁর গানে ছিল প্রেম, বিরহ, প্রতিবাদ আর জীবনবোধ। কখনো মায়াময় সুরে, কখনো তীক্ষ্ণ কথায় তিনি ছুঁয়ে গেছেন মানুষের হৃদয়। তাঁর গাওয়া গান আজও শ্রোতাদের মনে তৈরি করে সেই চেনা মুগ্ধতা।
আজ ১৯ নভেম্বর, কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান দলছুটের এই গায়ক। কিন্তু তাঁর কণ্ঠে ধারণ করা গানগুলো আজও বেঁচে আছে শ্রোতাদের ভালোবাসায়।
সঞ্জীব চৌধুরী এমন একজন শিল্পী, যাঁকে স্মরণ করতে সব সময় বড় কোনো প্রাতিষ্ঠানিক আয়োজনের প্রয়োজন হয় না। তাঁর গানই বারবার ফিরিয়ে আনে তাঁকে। সাধারণ শ্রোতা থেকে শুরু করে তরুণ সংগীতশিল্পী, অনেকেই নিজের উদ্যোগে স্মরণ করেন এই শিল্পীকে। এবারও ঢাকায় তাঁকে ঘিরে রয়েছে দুটি বিশেষ সংগীত আয়োজন।

সঞ্জীব স্মরণে দুই দিনের আয়োজন
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে বিশেষ গানের আসর ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে সঞ্জীবের গান পরিবেশন করবেন তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন রিমঝিম, ইলা লালালালা, তুহিন কান্তি দাস, স্বরব্যাঞ্জো, অর্ঘ্য দেব, নবীন কিশোর গোস্বামী, অং অং ও মাহমুদুল হাসানসহ অনেকে।
এর পরদিন, ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সঞ্জীবকে স্মরণ করে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে আজব কারখানা। ‘হেঁটে গেছি বিরাণ পথে’ শিরোনামের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে।
এতে গান গাইবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন তাঁরা। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।

শঙ্খচিল থেকে দলছুট
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জে জন্ম সঞ্জীব চৌধুরীর। অষ্টম শ্রেণি পর্যন্ত সেখানেই পড়াশোনা করেন। পরে ঢাকায় এসে ভর্তি হন নবকুমার ইনস্টিটিউটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ছাত্রজীবনে যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গেও।
পেশাগত জীবনে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন সঞ্জীব। কাজ করেছেন দেশের কয়েকটি পরিচিত সংবাদপত্রে। তবে সাংবাদিকতার পাশাপাশি সংগীতের প্রতি ভালোবাসা ছিল তাঁর বরাবরই। ‘শঙ্খচিল’ নামের একটি দলের সঙ্গে গান করতেন তিনি।
১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। মাত্র দুজন সদস্য নিয়ে গড়ে ওঠা এই ব্যান্ড বাংলা ব্যান্ডসংগীতে তৈরি করে আলাদা পরিচিতি। সঞ্জীব ও বাপ্পার যৌথ পথচলায় একে একে প্রকাশিত হয় ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭) অ্যালবাম।

যে গানগুলো আজও শ্রোতার মুখে
সঞ্জীব চৌধুরীর গানের সবচেয়ে বড় শক্তি ছিল কথা ও সুরের নিজস্বতা। তাঁর কণ্ঠে ‘বায়োস্কোপ’, ‘আমি তোমাকে বলে দেব’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘রিকশা’, ‘কথা বলব না’, ‘হৃদয়ের দাবি’, ‘স্বপ্নবাজি’ ও ‘এই নষ্ট শহরে’র মতো গান শ্রোতাদের কাছে বিশেষ জায়গা করে নেয়।
শুধু নিজের গানেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘কোন মেস্তরি বানাইয়াছে নাও’ গান দুটি তাঁর কণ্ঠে নতুন করে জনপ্রিয়তা পায়। লোকগানের সঙ্গে নিজের স্বতন্ত্র গায়কির মেলবন্ধন ঘটিয়ে গান দুটিকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন তিনি।
স্বীকৃতির চেয়েও বড় শ্রোতার ভালোবাসা
সঞ্জীব চৌধুরীর জীবনযাপন ও সৃষ্টিতে ছিল নিজস্বতা। ক্ষমতা কিংবা খ্যাতির মোহের চেয়ে মানুষের কথা, মানুষের অনুভূতি আর জীবনকে গানে তুলে ধরতেই বেশি আগ্রহী ছিলেন তিনি। তাঁর গান তাই শুধু বিনোদনের জায়গায় আটকে থাকেনি, হয়ে উঠেছে অনেকের ব্যক্তিগত অনুভূতির অংশ।
২০০৭ সালের ১৯ নভেম্বর তাঁর চলে যাওয়ার পর কেটে গেছে ১৯টি বছর। কিন্তু তাঁর গান থেমে থাকেনি। নতুন প্রজন্মের শিল্পীরা গাইছেন তাঁর গান, শ্রোতারা খুঁজে নিচ্ছেন নিজেদের গল্প। সময়ের ব্যবধানে সঞ্জীব চৌধুরী যেন আরও বেশি করে ফিরে আসেন তাঁর গানের মধ্য দিয়ে। মানুষটি নেই, কিন্তু তাঁর কণ্ঠের মুগ্ধতা আজও অটুট।






