বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী ২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই গানের আসর।
কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।

সঞ্জীব চৌধুরীর স্মরণে এই আয়োজন
২০০৭ সালের ১৯ নভেম্বর প্রয়াত হন সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন, ২০ নভেম্বর, এই বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট ছিলেন তিনি।
সিঙ্গার-সংরাইটার হিসেবে বাংলা গানকে সমৃদ্ধ করা নন্দিত শিল্পীদের সম্মান জানিয়ে ধারাবাহিকভাবে ট্রিবিউট কনসার্ট করে আসছে আজব কারখানা। এর আগে অঞ্জন দত্ত ও কবীর সুমনকে ট্রিবিউট দেওয়া হয়েছে, এবারের আয়োজন সঞ্জীব চৌধুরীর শ্রদ্ধায়।
আয়োজক আজব কারখানার কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার জানিয়েছেন, গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধারাবাহিক কনসার্ট তারা চালিয়ে যেতে চান।
কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা, আর অনুষ্ঠানস্থল থেকে অন-স্পট টিকিট কিনতে খরচ হবে ১ হাজার টাকা। বিকাশে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করা যাবে।









