Thursday, November 5, 2026

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

বোটক্লাব ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা এবং ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অসুস্থতার কারণে বুধবার (৪ নভেম্বর) আদালতে হাজির হতে পারেননি তিনি। তবে আসামিপক্ষের সময়ের আবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

অসুস্থতার কথা জানিয়ে সময়ের আবেদন

এদিন মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। তবে পরীমনি আদালতে হাজির না হয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি অভিনেত্রী।

তবে এ আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তিনি পরীমনির জামিন বাতিলের আবেদন জানিয়ে বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন। এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত সময়ের আবেদন নাকচ করেন। একই সঙ্গে পরীমনির জামিন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অভিনেত্রী পরীমনি, ছবি: সংগৃহীত

আগেও জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ২০২২ সালের ৬ জুলাই পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি।

এর আগে ২০২৫ সালের ২৬ জুন মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিন পরীমনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

বোটক্লাবে কী ঘটেছিল বলে অভিযোগ

মামলার এজাহারে নাসির উদ্দিন মাহমুদ অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। সেখানে মদপানের পর একটি মদের বোতল বিনা মূল্যে নিয়ে যেতে চান তারা। এতে রাজি না হওয়ায় ক্লাবে ভাঙচুর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, রাত সোয়া ১টার দিকে নাসির উদ্দিন ক্লাব থেকে বের হওয়ার সময় পরীমনি তাকে ডাকেন। একপর্যায়ে একটি ব্লু লেবেল মদের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাদানুবাদ হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পরীমনি একটি সার্ভিং গ্লাস ও নিজের হাতে থাকা মোবাইল ফোন নাসির উদ্দিনের দিকে ছুড়ে মারেন। এতে তার মাথা ও বুকে আঘাত লাগে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।

পরীমনির মামলাও হয়েছিল নাসিরের বিরুদ্ধে

বোটক্লাবের ঘটনার পর ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা করেন পরীমনি। অন্যদিকে পরীমনির বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল।

দীর্ঘদিন ধরে চলা বোটক্লাবের এই মামলায় নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশে আবারও আইনি জটিলতায় পড়লেন অভিনেত্রী পরীমনি।

Share

Read more

Local News