পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে মুক্তি না দেওয়ার দাবি উঠেছে। সিরিজটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। একই সঙ্গে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন ও প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা ও বিনোদনমূলক কনটেন্ট প্রদর্শন স্থায়ীভাবে বন্ধ করতে আইন করার দাবি জানিয়েছে সংগঠনটি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ নভেম্বর মোদিকে দুই পৃষ্ঠার চিঠিটি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন এআইসিডব্লিউএর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকেও। মঙ্গলবার সংগঠনটির নিজস্ব এক্স অ্যাকাউন্টে চিঠিটি প্রকাশ করা হয়।

আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ সিরিজের। ফাওয়াদ ও মাহিরার পাশাপাশি এতে অভিনয় করেছেন হানিয়া আমির ও সানাম সাঈদ। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ।
পাকিস্তানি সিরিজ নিয়ে আপত্তি
সিরিজটি ভারতে মুক্তি না দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরতে চিঠিতে পুলওয়ামা ও পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ এনেছে এআইসিডব্লিউএ। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পাশাপাশি ২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে হামলার কথা উল্লেখ করেছে সংগঠনটি। এ ছাড়া ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৮ মে জারি করা একটি নির্দেশনার কথাও তুলে ধরেছে তারা। এআইসিডব্লিউএর দাবি, ওই নির্দেশনায় ভারতে পরিচালিত ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার বন্ধ করতে বলা হয়েছিল।
সংগঠনটির মতে, নেটফ্লিক্সে সিরিজটি ভারতে প্রচার করা হলে ওই নির্দেশনার উদ্দেশ্য এবং জাতীয় আবেগের সঙ্গে সাংঘর্ষিক হবে। এক্সে দেওয়া পোস্টে এআইসিডব্লিউএ লিখেছে, ‘সন্ত্রাসের কোনো করতালি নেই, সবার আগে দেশ।’ একই সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ অন্য ওটিটি প্ল্যাটফর্মগুলোকে ভারতে পাকিস্তানি কনটেন্ট না দেখানোর আহ্বান জানিয়েছে তারা।
মোদিকে পাঠানো চিঠিতে চারটি দাবি জানিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে, ৪ ডিসেম্বর বা পরবর্তী সময়ে সিরিজটি ভারতে মুক্তি না দেওয়া, ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশনা সব ওটিটি প্ল্যাটফর্মের জন্য কার্যকর করা এবং পাকিস্তানি কনটেন্ট, শিল্পী ও প্রযোজনা নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়ন। এ ছাড়া ভারতে পাকিস্তানি কনটেন্ট প্রচারের বিষয়ে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর কাছে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে তারা।
এদিকে সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করে ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। তবে ভারতে এটি প্রচার করা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্ল্যাটফর্মটি। যদিও নেটফ্লিক্স ইন্ডিয়ার আসন্ন কনটেন্টের তালিকায় সিরিজটির নাম রয়েছে।









