পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে নাটকটির আবু বকর চরিত্রটি আলোচনায় এসেছে। ধৈর্য, সহমর্মিতা, ভালোবাসা ও নারীর প্রতি সম্মানজনক আচরণের কারণে অনেক দর্শক চরিত্রটিকে ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবে দেখছেন। অর্থাৎ, সম্পর্কের ক্ষেত্রে একজন আদর্শ ও যত্নশীল পুরুষের প্রতিচ্ছবি হিসেবে বিবেচনা করছেন।
নাটকটি দেখার পর একই ধরনের ইতিবাচক পুরুষ চরিত্রের গল্প খুঁজছেন অনেকেই। তাদের জন্য পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের তালিকায় রয়েছে আরও ১০টি নাটক। এসব নাটকে ভালোবাসার পাশাপাশি সম্পর্কের প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ, সহানুভূতি ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়গুলো উঠে এসেছে।
১. ফেয়ারিটেল (Fairytale)
নাটকটিতে ফারজাদ চরিত্রে অভিনয় করেছেন হামজা সোহেল। তাঁর বিপরীতে রয়েছেন সেহর খান। ফারজাদ রাগের মুহূর্তেও অন্যের প্রতি সম্মান বজায় রাখে। ভুল করলে ক্ষমা চায় এবং মতবিরোধ হলে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজে। চরিত্রটির এই আচরণের কারণেই দর্শকদের কাছে সে প্রশংসিত হয়েছে। জেন অস্টেনের উপন্যাসের মিস্টার ডার্সি ও মিস্টার নাইটলির সঙ্গেও তার তুলনা করা হয়েছে।
২. ইয়াকিন কা সফর (Yakeen Ka Safar)
২০১৭ সালে হাম টিভিতে প্রচারিত এই নাটকে আসফান্দিয়ার চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর। পেশায় চিকিৎসক আসফান্দিয়ারের জীবনে নানা অভিজ্ঞতা ও পরিবর্তন আসে। সময়ের সঙ্গে নিজের ভুল বোঝা, দায়িত্ব নেওয়া এবং পরিণত হয়ে ওঠার গল্প নাটকটির অন্যতম আকর্ষণ।

৩. মিরে আব্রু (Mere Abru)
নাটকটিতে সাইম চরিত্রে অভিনয় করেছেন মির্জা জাইন বেগ। শান্ত, কোমল ও দায়িত্বশীল স্বভাবের এই চরিত্র স্ত্রীর প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততার পরিচয় দেয়। কঠিন সময়েও স্ত্রীর পাশে থাকা এবং কথার চেয়ে কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করাই সাইমের চরিত্রের বিশেষ দিক।
৪. ইয়ে রাহা দিল (Ye Raha Dil)
আহমেদ আলী আকবর ও ইয়ুমনা জায়েদির অভিনয়ে নির্মিত এই নাটকে উঠে এসেছে সরল ও কোমল স্বভাবের একটি পুরুষ চরিত্র। তার আন্তরিকতা, নিষ্পাপ আচরণ ও ভালোবাসার প্রকাশ দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে। হালকা ও স্বস্তিদায়ক গল্প পছন্দ করেন, তাঁদের ভালো লাগতে পারে নাটকটি।
৫. মেরে পাস তুম হো (Mere Paas Tum Ho)
২০১৯ সালে এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন হুমায়ুন সাঈদ, আয়েজা খান ও আদনান সিদ্দিকী। গল্পটি লিখেছেন খলিল-উর-রহমান কামার। নাটকের শুরুতে হুমায়ুন সাঈদের অভিনীত চরিত্রকে একজন ভালোবাসাপূর্ণ ও নিবেদিত স্বামী হিসেবে দেখা যায়। তবে গল্পের পরবর্তী অংশে সম্পর্কের টানাপোড়েন ও আবেগঘন নানা ঘটনা সামনে আসে। ভালোবাসা ও বিশ্বাসের পাশাপাশি সম্পর্কের জটিলতা বুঝতেও নাটকটি দর্শকদের ভাবায়।

৬. সাবাত (Sabaat)
এই নাটকে আনায়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন মুহাম্মদ আহমেদ। তিনি একজন শান্ত, বিচক্ষণ ও সহানুভূতিশীল বাবা। সন্তানের কথা মন দিয়ে শোনা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনের সময় পাশে থাকার মধ্য দিয়ে চরিত্রটি একজন দায়িত্বশীল অভিভাবকের পরিচয় তুলে ধরে।
৭. বাবা জানি (Baba Jani)
২০১৮ সালে জিও এন্টারটেইনমেন্টে প্রচার শুরু হয় নাটকটির। ফায়জা ইফতিখারের লেখা এবং আলী ফাইজানের পরিচালনায় এতে আসফান্দ চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল কুরেশি।
পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এবং বোনদের লালন-পালনে ভূমিকা রাখাই আসফান্দের চরিত্রের অন্যতম দিক। শান্ত স্বভাবের এই মানুষটি পরিবারের সদস্যদের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করতেও প্রস্তুত। নাটকটির প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন ফয়সাল কুরেশি। তাঁর নিজস্ব প্রতিষ্ঠান কানেক্ট স্টুডিওর ব্যানারে এটি ছিল প্রথম প্রযোজনা।
৮. পারিজাদ (Parizaad)
২০২১ সালে হাম টিভিতে প্রচারিত এই নাটকটি লিখেছেন হাশিম নাদিম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আহমেদ আলী আকবর। এতে আরও অভিনয় করেছেন ইয়ুমনা জায়েদি।
পারিজাদ একজন সহজ-সরল ও মানবিক মানুষ। চেহারা ও গায়ের রঙের কারণে সমাজে তাকে নানা অবহেলা ও অপমানের মুখে পড়তে হয়। তারপরও মানুষের প্রতি তার সহানুভূতি ও ভালো মনোভাব বদলায় না। নাটকটিতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি, বৈষম্য এবং মানুষের প্রকৃত মূল্য নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

৯. কভি ম্যায় কভি তুম (Kabhi Main Kabhi Tum)
২০২৪ সালে এআরওয়াই ডিজিটালে প্রচারিত এই নাটকে মুস্তাফা চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মোস্তফা। তাঁর বিপরীতে শারজিনা চরিত্রে রয়েছেন হানিয়া আমির।
মুস্তাফা চরিত্রটি ভালোবাসাপূর্ণ, কোমল মনের ও যত্নশীল। সম্পর্কের নানা জটিলতার মধ্য দিয়ে তার ব্যক্তিত্বে পরিবর্তন আসে। সাধারণত প্রাণবন্ত ও চঞ্চল চরিত্রে পরিচিত ফাহাদ মোস্তফা এখানে ভিন্নভাবে নিজেকে তুলে ধরেছেন। তাঁর অভিনয়ও দর্শকদের প্রশংসা পেয়েছে।

১০. সুনো চান্দা (Suno Chanda)
২০১৮ সালের রমজানে হাম টিভিতে প্রচারিত এই রোমান্টিক কমেডি নাটকটি লিখেছেন সায়মা আক্রাম চৌধুরী। পরিচালনা করেছেন আহসান তালিশ। এতে আরসালান চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাঈদ এবং আজিয়া চরিত্রে ইকরা আজিজ।
ছোটবেলায় নিকাহের মাধ্যমে বিয়ে হওয়া দুই চাচাতো ভাই-বোনের সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। প্রাণবন্ত ও কিছুটা চঞ্চল স্বভাবের আরসালান চরিত্রটির মধ্যে ভালোবাসা, অভিমান ও পারিবারিক দায়িত্ববোধের নানা দিক দেখা যায়। দুই মৌসুমে নাটকটির মোট ৬০টি পর্ব প্রচারিত হয়েছে। ২০১৯ সালে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে এটি সেরা টিভি নাটকের পুরস্কারও পায়। একই আয়োজনে সেরা পরিচালকের স্বীকৃতি পান আহসান তালিশ।
‘দার-ই-নিজাত’-এর আবু বকরের মতো শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল ও দায়িত্বশীল পুরুষ চরিত্র দেখতে চাইলে এই নাটকগুলো রাখতে পারেন পছন্দের তালিকায়। রোমান্স, পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা ও কমেডি বিভিন্ন ধরনের গল্প থাকায় দর্শকেরা নিজেদের পছন্দ অনুযায়ী নাটক বেছে নিতে পারবেন।









