মাহফুজ আনাম জেমস
বাংলা রক গানের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস আবারো আলোচনায়। তবে এবার গান নয়, বরং বাবা হিসেবে এক অনন্য মুহূর্ত দিয়ে ভাইরাল তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে জেমস ও তাঁর ছোট্ট ছেলে জিবরান আনামের একটি হৃদয়ছোঁয়া ভিডিও, যেখানে রকস্টার বাবাকে দেখা গেছে ছেলেকে ড্রামের প্রথম পাঠ দিতে।
প্র্যাকটিস প্যাডে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, জেমস অত্যন্ত যত্ন নিয়ে জিবরানকে ড্রাম স্টিক ধরার কৌশল শেখাচ্ছেন। কখন কীভাবে স্টিক ব্যবহার করতে হয়, তাল ধরতে হয়-সেসবও নিজের হাতে দেখিয়ে দিচ্ছেন তিনি। বাবার দেখানো পথ মনোযোগ দিয়ে অনুসরণ করছে ছোট্ট জিবরানও। ড্রামসের প্রতি তার সহজাত আগ্রহ আর আনন্দ দেখে অনেকেই বলছেন, “রক্তে তো সুর থাকেই!”

ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া চোখে পড়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা বলছেন, ‘এ তো রক্তের সাথে রক্তের টান’, কেউ আবার লিখেছেন, ‘রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে।’ কেউ কেউ লিখেছেন, ‘রকস্টারের ছেলে, খেলনার মতোই দেখছে ড্রামসকে।’ ছোট্ট জিবরানের মধ্যে ভবিষ্যতের এক সম্ভাবনাময় সংগীতশিল্পীর আভাস দেখতে পাচ্ছেন অনেকেই।
গত বছরের ২২ অক্টোবর গণমাধ্যমে বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন জেমস। বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছিলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।”
বিয়ের যাত্রা
২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেন নামিয়া। এরপর ২০২৫ সালের ৮ জুন হান্টিংটন হাসপাতাল-এ তাঁদের কোলজুড়ে আসে পুত্রসন্তান জিবরান আনাম।

জানা যায়, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে প্রথম পরিচয় হয় জেমস ও নামিয়ার। লস অ্যাঞ্জেলেস-এর একটি আয়োজনে শুরু হওয়া সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় প্রেমে, আর প্রেমের পরিণতি বিয়েতে। ২০২৪ সালের ১২ জুন পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ঢাকায় সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।
জেমস ও তাঁর ছোট্ট ছেলে জীবরানের এই ভিডিও দেখার পর থেকে ভক্তদের প্রশ্ন- তবে কি বাবার হাত ধরে ছোট্ট জিবরানের সংগীতযাত্রা শুরু হয়ে গেল? ভবিষৎই বলে দেবে সেই উত্তর আর তাঁর অপেক্ষাতেই জেমস ভক্তরা।
প্রথম বিয়ে
জেমসের প্রথম স্ত্রীর নাম রথী যাকে তিনি ১৯৯১ সালে বিয়ে করেন। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। জেমসের বর্তমান সন্তান ছাড়াও আরো দুইটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে।


