মাস্তুলের প্রচারণায় বাবু
নদী, জাহাজি ও ভাসমান মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’র প্রচারণায় যুক্ত হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’। গানটির নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। চলতি মাসের মাঝামাঝি সময়ে গানটি প্রকাশের মাধ্যমে শুরু হবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রচারণা।
চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, ‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে নদীকেন্দ্রিক জীবন, জাহাজি সম্প্রদায় এবং ভাসমান মানুষের সুখ-দুঃখ, স্বপ্ন ও সংগ্রামকে ঘিরে। সেই গল্পের আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গান খুঁজতে গিয়ে তাঁরা শেষ পর্যন্ত বেছে নেন ‘আমায় ভাসাইলি রে’। নির্মাতার ভাষ্য, প্রথমদিকে সিনেমার জন্য সম্পূর্ণ নতুন একটি গান তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু আলোচনার একপর্যায়ে বারবার ফিরে আসে পল্লীকবির এই জনপ্রিয় গানটির নাম। পরে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এটিকেই চূড়ান্ত করা হয়।
গানটির নতুন সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নতুন এই আয়োজনের মাধ্যমে গানটিকে আধুনিক শ্রোতাদের কাছে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে মূল গানের আবেগ ও লোকজ আবেদন অক্ষুণ্ন রাখার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘মাস্তুল’ মূলত সংগ্রামী মানুষের জীবনকথা নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। নির্মাতার চাওয়া থেকেই সিনেমার প্রচারণার জন্য তাঁর কণ্ঠে গানটি যুক্ত করা হয়েছে। বাবু জানান, তিনি আগে ‘আমায় ভাসাইলি রে’ গানের কিছু অংশ পরিবেশন করেছিলেন। তবে এবার পূর্ণাঙ্গভাবে গানটির সঙ্গে যুক্ত হতে পেরে তাঁর ভালো লাগছে। তিনি আরও বলেন, সিনেমাটিতে তাঁর কোনো সংলাপ না থাকলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় ও সংগীত—দুই ক্ষেত্রেই কাজ করার সুযোগ পাওয়ায় তিনি চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী।
গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে ‘মাস্তুল’। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করে ছবিটি। নদীভিত্তিক জীবন, মানবিক টানাপোড়েন এবং বাস্তবধর্মী গল্প বলার কারণে বিদেশি দর্শক ও সমালোচকদের কাছেও ইতিবাচক সাড়া পেয়েছে চলচ্চিত্রটি।
‘মাস্তুল’-এ ফজলুর রহমান বাবুর পাশাপাশি অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা । আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির। নির্মাতার প্রত্যাশা, ‘আমায় ভাসাইলি রে’ গানটি দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি করবে এবং মুক্তির আগে চলচ্চিত্রটির প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।