যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনে এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস এমি মিলিয়ে সিরিজটির ঝুলিতে উঠেছে মোট ১৪টি পুরস্কার।
‘উইডোজ বে’র দাপট
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের এমি অ্যাওয়ার্ডসে একাধিক জনপ্রিয় সিরিজ পুরস্কারের দৌড়ে এগিয়ে ছিল। তবে সব মিলিয়ে সবচেয়ে বেশি পুরস্কার জিতে সবার নজর কেড়েছে ‘উইডোজ বে’।

সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতেছে সিরিজটি। এর পাশাপাশি কমেডি সিরিজের সেরা অভিনেতা হয়েছেন ম্যাথিউ রিস। ‘উইডোজ বে’র হয়ে পার্শ্ব অভিনেতা ও পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্টিফেন রুট ও কেট ও’ফ্লিন।
নির্মাতা কেটি ডিপোল্ড পেয়েছেন কমেডি সিরিজের সেরা চিত্রনাট্যের পুরস্কার। সেরা পরিচালকের পুরস্কার গেছে হিরো মুরাইয়ের হাতে।
‘দ্য পিট’র টানা জয়
এবারের এমিতে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল এইচবিওর মেডিকেল ড্রামা ‘দ্য পিট’। ২৫টি মনোনয়নের মধ্যে সিরিজটি জিতেছে সাতটি পুরস্কার।
টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে ‘দ্য পিট’। একইভাবে সিরিজটির প্রধান অভিনেতা নোয়া ওয়াইলও টানা দ্বিতীয়বার ড্রামা সিরিজের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
গত বছর ১৩টি মনোনয়ন পাওয়া সিরিজটি এবার জায়গা করে নেয় ২৫টি বিভাগে।

‘প্লুরিবাসে’ রিয়া সিহর্নের অপেক্ষার অবসান
অ্যাপল টিভি প্লাসের নতুন ড্রামা সিরিজ ‘প্লুরিবাস’ও এবারের আয়োজনে বড় সাফল্য পেয়েছে। সিরিজটির ঝুলিতে উঠেছে ছয়টি পুরস্কার।
সবচেয়ে আলোচিত জয় এসেছে রিয়া সিহর্নের হাত ধরে। ‘প্লুরিবাস’-এর জন্য ড্রামা সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। একই সিরিজের জন্য চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ভিন্স গিলিগান।
‘বেটার কল সল’-এ দীর্ঘদিন অভিনয় করেও এমি জেতা হয়নি রিয়া সিহর্নের। এবার ‘প্লুরিবাস’-এর মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো।
‘ডিটিএফ সেন্ট লুইস’র সাফল্য
সীমিত বা অ্যান্থোলজি সিরিজের বিভাগে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ‘ডিটিএফ সেন্ট লুইস’। মোট সাতটি পুরস্কার জিতেছে সিরিজটি।
পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ডেভিড হারবার। পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার গেছে লিন্ডা কার্ডেলিনির হাতে। সিরিজটির নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্য-দুই বিভাগেই পুরস্কার পেয়েছেন।

সেরা যারা:
সেরা ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
মনোনীত ছিল-‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’, ‘প্যারাডাইস’, ‘প্লুরিবাস’, ‘স্লো হর্সেস’ ও ‘ইওর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’।
সেরা কমেডি সিরিজ: ‘উইডোজ বে’
মনোনীত ছিল-‘অ্যাবট এলিমেন্টারি’, ‘দ্য বিয়ার’, ‘হ্যাকস’, ‘মার্গোস গট মানি ট্রাবলস’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ ও ‘শ্রিংকিং’।
সেরা সীমিত বা অ্যান্থোলজি সিরিজ: ‘ডিটিএফ সেন্ট লুইস’
মনোনীত ছিল-‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’ ও ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।
সেরা রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম: ‘দ্য ট্রেইটর্স’
সেরা ভ্যারাইটি সিরিজ: ‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’
সেরা ড্রামা অভিনেতা: নোয়া ওয়াইল, ‘দ্য পিট’
সেরা ড্রামা অভিনেত্রী: রিয়া সিহর্ন, ‘প্লুরিবাস’
সেরা কমেডি অভিনেতা: ম্যাথিউ রিস, ‘উইডোজ বে’
সেরা কমেডি অভিনেত্রী: জিন স্মার্ট, ‘হ্যাকস’
সীমিত সিরিজের সেরা অভিনেত্রী: স্যালি ফিল্ড, ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার্স’
সীমিত সিরিজের সেরা অভিনেতা: ম্যাথিউ রিস, ‘দ্য বিস্ট ইন মি’
কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা: স্টিফেন রুট, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা: টম পেলফ্রি, ‘টাস্ক’
কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী: কেট ও’ফ্লিন, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জ্যানি, ‘দ্য ডিপ্লোম্যাট’
কমেডি সিরিজের সেরা পরিচালক: হিরো মুরাই, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পরিচালক: সাউল মেটজস্টেইন, ‘স্লো হর্সেস’
কমেডি সিরিজের সেরা চিত্রনাট্য: কেটি ডিপোল্ড, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা চিত্রনাট্য: ভিন্স গিলিগান, ‘প্লুরিবাস’
মারিস্কার সঞ্চালনায় জমজমাট আয়োজন
৭৮তম এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ তারকা মারিস্কা হারগিটে। হাস্যরস, সংগীত পরিবেশনা ও দ্রুত পোশাক পরিবর্তনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ একটি ‘এসভিইউ’ ঘরানার স্কিটে টেলর সুইফটকেও হাজির করেন মারিস্কা। ফলে পুরস্কার ঘোষণার পাশাপাশি সঞ্চালকের পরিবেশনাও হয়ে ওঠে আয়োজনের অন্যতম আকর্ষণ।
সব মিলিয়ে এবারের এমি অ্যাওয়ার্ডসে নতুন ও পুরোনো-দুই ধরনের সিরিজই নিজেদের জায়গা করে নিয়েছে। তবে মোট পুরস্কারের হিসাবে সবাইকে ছাড়িয়ে রাতের সবচেয়ে বড় বিজয়ী হয়েছে ‘‘উইডোজ বে’।






