থালাপতি বিজয়
অনন্য ইতিহাস গড়তে চলেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চালকের আসনে। প্রায় ছয় দশক ধরে চলা দ্রাবিড় রাজনীতির দ্বৈত আধিপত্য ভেঙে দিয়েছেন থালাপতি ও টিভিকে। এছাড়াও, এই নির্বাচনে ইতিহাস গড়তে চলেছেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টিভিকে ২৩৪ সদস্যের বিধানসভায় ১০০টির অনেক বেশি আসনে জয়ের পথে আছে। আর সেই আসনগুলোর একটি বিরুগামবাক্কম, যা চেন্নাই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।
ড্রাইভারের ছেলে সাবারিনাথন
থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে সাবারিনাথন এই গুরুত্বপূর্ণ আসনে লড়েছেন। ৩০ বছর বয়সী সাবারিনাথন বিরুগামবাক্কম আসন থেকে জয়ী হয়ে তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার পথে আছেন। প্রথম নির্বাচনে জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকাতে তার নামও যোগ হতে যাচ্ছে।
সাবারিনাথন ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে ২২ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন।

এদিকে তামিলনাড়ুর অন্যান্য জায়গায় উচ্চপ্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক পরাজিত হয়েছেন। পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নাম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে গেছেন।
তবে স্টালিনের ছেলে উধয়নিধি স্টালিন ভালো ফল করেছেন। তিনি চেপক-থিরুভাল্লিকেনি আসনে টিভিকে নেতা সেলভম ডিকে ৭ হাজার ১৪০ ভোটে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন।
বিজয়ের জয়
এদিকে, টিভিকের এই জয়ের ফলে তামিলনাড়ুর সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দুটি জয়ের স্বাদ পেয়েছেন থালাপতি বিজয়। তিনি দুটি আসন থেকে নির্বাচন করছেন, পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি (পূর্ব)। পেরাম্বুরে তিনি লড়ছেন ডিএমকের আর. ডি. সেকারের বিরুদ্ধে, আর তিরুচিরাপল্লিতে (পূর্ব) তার প্রতিদ্বন্দ্বী ডিএমকের ইনিগো ইরুদয়ারাজ এবং এআইএডিএমকের কে. রাজাসেকরান।
রাজ্যটিতে গণনা শেষের দিকে ও টিভিকে-এর বড় জয়ের ইঙ্গিত স্পষ্ট। ফলে এখন সব নজর সরকার গঠনের দিকে। এই রাজ্যে সরকার গঠনের জন্য ১১৮টি আসন লাগে। বিজয়ের দল সম্ভবত ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য কয়েক আসনে পিছিয়ে আছে। সেই সীমা অতিক্রম করতে অন্য দলের সমর্থন প্রয়োজন হবে। এই সমর্থন কংগ্রেস, এআইএডিএমকে, নাকি বিভিন্ন আঞ্চলিক দলের সমন্বয়ে আসবে তা হয়তো কয়েক দিনের মধ্যে জানা যাবে।
প্রতিশ্রুতি
এদিকে, নির্বাচনের আগে বিজয় বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জয়ী হলে স্নাতকদের জন্য মাসে ৪ হাজার রুপি ভাতা, নারীদের জন্য ২ হাজার ৫০০ রুপি সহায়তা এবং বিয়ের উপহার হিসেবে সোনা ও শাড়ি উপহার দিবেন। এছাড়া তিনি সরকারি পরীক্ষাগুলো সময়মতো নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন।


