আলফা
প্রকাশ্যে এসেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’র টিজার। টিজারে রীতিমত চমক দেখিয়েছেন আলিয়া ভাট। প্রথমবারের মতো এক দুর্ধর্ষ নারী ঘাতকের চরিত্রে দেখা গেছে আলিয়া ভাটকে। আবেগ, অ্যাকশন ও রহস্যে ঘেরা এই টিজার ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সিনেমাটি নির্মাণ করেছেন শিব রাওয়াইল। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। আলফা সিনেমায় আলিয়াকে দেখা যায় এমন এক তরুণীর চরিত্রে যাকে ছোটবেলা থেকেই দক্ষ ঘাতক হিসেবে গড়ে তোলা হয়েছে।
টিজারে যা আছে
টিজারের শুরুতেই দেখা যায়, ববি দেওল ও আলিয়া ভাট একটি রেস্টুরেন্টে বসে আছেন। তারপরেই আলিয়া ভাটকে জন্মদিনের শুভেচ্ছা জানায় ববি। ববি সিনেমায় আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন। মেয়ের ১৮তম এই জন্মদিনে তাঁকে একটি রিং বক্স উপহার দেয় তাঁর বাবা। বক্স খুলেই অবাক হয় আলফা। কারণ সেখানে কোন জন্মদিনের উপহার ছিলো না বরং ছিলো একটি ঠিকানা। আর এই ঠিকানাই তাঁর প্রথম হত্যার মিশন। যা থেকেই শুরু হয় আলফার বিপজ্জনক যাত্রা।

প্রকাশিত টিজারে আরও উঠে এসেছে ‘আলফা’ আসলে এটি গোপন প্রশিক্ষণ কর্মসূচির নাম, যেখানে ভবিষ্যৎ ভারতীয় যোদ্ধাদের তৈরি করা হয়। এই টিজারেই আলিয়াকে দেখা গেছে, বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট ও অ্যাকশন দৃশ্যে যা দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। ‘আলফা’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুরও। সিনেমার আরেক প্রধান চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ।
তবে তাঁর চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানানো হয়নি। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই সেই চরিত্রের পরিচয়ও প্রকাশ করা হবে।
খাঁটি পপকর্ন এন্টারটেইনার
এই সিনেমাটি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আলফা একটি খাঁটি পপকর্ন এন্টারটেইনার, যা সিনেমার পর্দায় নারীদের নেতৃত্বে নির্মিত এক অভূতপূর্ব অ্যাকশন ফিল্মের মাধ্যমে দুই মেয়ের আলফা মনোভাবের উদযাপন হিসেবে তৈরি করা হয়েছে।’

জানা যায়, প্রথমে সিনেমাটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা ছিল। পরে ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় মুক্তির তারিখ পরিবর্তন করে ১৭ এপ্রিল ২০২৬ নির্ধারণ করা হয়। তবে সেই তারিখও পিছিয়ে আগামী ৩ জুলাই করা হয়েছে। প্রযোজনা সংস্থা থেকে জানা গিয়েছে এটি চুড়ান্ত মুক্তির তারিখ।
স্পাই ইউনিভার্সের যাত্রা
২০১২ সালে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ দিয়ে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের যাত্রা শুরু হয়। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘টাইগার ৩’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং সর্বশেষ ‘ওয়ার ২’-এর মাধ্যমে এই ইউনিভার্স আরও বিস্তৃত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আলিয়া ভাটের ‘আলফা’।


