Saturday, October 17, 2026

ইমরান হাশমির অসাধারণ প্রত্যাবর্তনে কত আয় করলো ‘আওয়ারাপন ২’?

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

দীর্ঘ ১৯ বছর পর ‘আওয়ারাপন’ এর সেই পরিচিত আবহ নিয়ে বড় পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবিটি গান, আবেগঘন গল্প এবং ইমরানের অভিনয়ের কারণে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এবার সেই ছবির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ মুক্তির পর বক্স অফিসেও বেশ ভালো সাড়া পাচ্ছে।   

নিতিন কাক্কর পরিচালিত ছবিটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির অষ্টম দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। এতে আট দিনে ভারতের বাজারে ‘আওয়ারাপন ২’–এর মোট নিট আয় দাঁড়িয়েছে ১১৯ কোটি রুপি। একই সময়ে ভারতের গ্রস আয় পৌঁছেছে ১৪১ কোটি ৮৭ লাখ রুপিতে।

দেশের বাজারের পাশাপাশি বিদেশেও দর্শক টানছে ছবিটি। অষ্টম দিনে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও এক কোটি রুপি। বিদেশে ছবিটির মোট আয় এখন ২৭ কোটি ৩০ লাখ রুপি।

ইমরান হাশমি

ভারত ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘আওয়ারাপন ২’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ১৬৯ কোটি ১৭ লাখ রুপি। ১৭০ কোটি রুপির মাইলফলক থেকে ছবিটি পিছিয়ে মাত্র ৮৩ লাখ রুপি।

মুক্তির দিনেই আয় ২২ কোটি

বক্স অফিসে ‘আওয়ারাপন ২’–এর শুরুটা হয়েছিল বেশ জোরালোভাবে। মুক্তির প্রথম দিন ভারতের বাজারে ২২ কোটি রুপি আয় করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। তৃতীয় দিনে অবশ্য আয় কিছুটা কমে ২৬ কোটি রুপিতে নেমে আসে।

সপ্তাহান্তের পর কর্মদিবস শুরু হলে ছবিটির দৈনিক আয় আরও কমে আসে। চতুর্থ দিনে ৯ কোটি ২৫ লাখ রুপি, পঞ্চম দিনে ৯ কোটি ৭৫ লাখ রুপি, ষষ্ঠ দিনে ৬ কোটি ৭৫ লাখ রুপি এবং সপ্তম দিনে ৬ কোটি রুপি আয় করে ‘আওয়ারাপন ২’।

এরপর অষ্টম দিনে আরও ৫ কোটি ৫০ লাখ রুপি যোগ হয়েছে। সব মিলিয়ে প্রথম আট দিনে ভারতের নিট আয় ১১৯ কোটি রুপি।

অষ্টম দিনে ছবিটির দর্শক উপস্থিতির হার ছিল ১৫ দশমিক ১৯ শতাংশ। সেদিন মোট ৯ হাজার ৮৫৮টি শোতে প্রদর্শিত হয়েছে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে পা রাখার পরও আয়ে বড় ধরনের পতন না হওয়ায় ‘আওয়ারাপন ২’ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

শিবমের গল্পেই এগিয়েছে সিক্যুয়েল

২০০৭ সালের ‘আওয়ারাপন’ এ ইমরান হাশমির অভিনীত শিবম পণ্ডিত চরিত্রটি দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘আওয়ারাপন ২’ এও সেই চরিত্রকে ঘিরেই গল্প এগিয়েছে।

অপরাধজগতের অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা, ভালোবাসা, আত্মত্যাগ এবং মুক্তির আকাঙ্ক্ষা-শিবমের জীবনের এসব দিকই নতুন ছবির গল্পে গুরুত্ব পেয়েছে। অপরাধের জগতে আটকে থাকা একজন মানুষের বেরিয়ে আসার লড়াই ও আবেগকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিটি।

ইমরান হাশমির সঙ্গে ‘আওয়ারাপন ২’-এ অভিনয় করেছেন দিশা পাটানি, পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটির প্রযোজনায় রয়েছেন ভিশেষ ভাট ও মুকেশ ভাট। প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মস।

ইমরান হাশমির প্রত্যাবর্তন

‘আওয়ারাপন ২’–এর বক্স অফিস সাফল্য ইমরান হাশমির জন্যও গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের এক পর্যায়ে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পেলেও সময়ের সঙ্গে নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে উপস্থাপন করেছেন তিনি। তবে আবেগ ও গানের সঙ্গে জড়িয়ে থাকা ছবিগুলোর মধ্যে ‘আওয়ারাপন’ এখনো তার ক্যারিয়ারের বিশেষ একটি অধ্যায়।

সিক্যুয়েল ঘোষণার পর থেকেই তাই পুরোনো ছবির দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। ইমরানের প্রত্যাবর্তনের পাশাপাশি প্রথম ছবির সঙ্গে নতুন কাহিনির যোগসূত্র এবং জনপ্রিয় গানগুলোও সেই নস্টালজিয়াকে আরও উসকে দিয়েছে। মুক্তির পর বক্স অফিসের হিসাবেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

এখন নজর দ্বিতীয় সপ্তাহের দিকে। আট দিনে ১৬৯ কোটি ১৭ লাখ রুপি আয় করে ‘আওয়ারাপন ২’ দাঁড়িয়ে আছে ১৭০ কোটির দরজায়। মাইলফলকটি ছুঁতে ছবিটির প্রয়োজন আর মাত্র ৮৩ লাখ রুপি।

Share

Read more

Local News