বিয়ে আর সম্পর্ক নিয়ে নিজের ভাবনা খোলামেলা জানালেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্পর্ক ঠিক মনে না হলে বিয়ের আগেই সরে দাঁড়ানোই ভালো পদক্ষেপ। সম্প্রতি তার বিয়ে নিয়ে গুজব ছড়ানোর পর সেই সাক্ষাৎকারের কথাগুলোই আবার আলোচনায় এসেছে।
কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছিল, অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে বিয়ে হতে যাচ্ছে সারার। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই খবরে কোনো সত্যতা নেই। দুজনের কখনো দেখাই হয়নি, সারা এখন একা আছেন এবং নিজের কাজেই মন দিয়েছেন।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক সারা। মুম্বাইয়ে জন্ম নেওয়া সারা লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর করেছেন। শচীন টেন্ডুলকার ফাউন্ডেশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
সারা টেন্ডুলকারের বিয়ে ভাবনা
সাক্ষাৎকারে ভাই অর্জুন টেন্ডুলকারের বিয়ের প্রসঙ্গ টানেন সারা। সানিয়া চান্ধোকের সঙ্গে অর্জুনের বিয়েকে তিনি বলেন নিজের জন্য ‘দারুণ এক মহড়া’। তার ভাষায়, এখন তিনি বুঝতে পারছেন নিজের বিয়েতে তিনি কী চান আর কী চান না।

স্বপ্নের বিয়ের ধারণাও বদলেছে সময়ের সঙ্গে। ছোটবেলায় জাঁকজমকপূর্ণ আয়োজন আর প্যাস্টেল রঙের কনে সাজার স্বপ্ন দেখলেও এখন ছোট পরিসরের বিয়েই পছন্দ তার। ভাবছেন ঐতিহ্যবাহী লাল রঙের কনে সাজার কথাও।
মজা করে সারা বলেন, ‘আমি তুলা রাশির জাতক, খুবই দ্বিধাগ্রস্ত। কে জানে, হয়তো সবুজ রঙও বেছে নিতে পারি!’ বিয়ের সাজ নিয়ে তার এই দ্বিধাই বুঝিয়ে দেয়, বিষয়টি নিয়ে তিনি কতটা খোলামেলা।
সম্পর্কের ক্ষেত্রে জেন-জি প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন তিনি। তার মতে, এই প্রজন্ম অঙ্গীকারকে গুরুত্বের সঙ্গে নেয়, তবে সম্পর্ক ঠিক মনে না হলে সেখান থেকে সরে আসতেও পিছপা হয় না।
সারা বলেন, ‘আমি দেখেছি, অনেকেই বাগদান সেরে ফেলেন, কিন্তু বিয়ের আগে গিয়ে সঙ্গী বা তার পরিবারের আসল রূপ বুঝতে পেরে ভাবেন, আমি আর পারছি না। ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে জেনেও বড় যাত্রায় নামার চেয়ে সরে আসাই ভালো। বিয়ের আগেই সরে দাঁড়ানোকে আমি দারুণ একটি পদক্ষেপ মনে করি।’
আগের প্রজন্মের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আগের প্রজন্মগুলো নিজেদের পক্ষে দাঁড়াতে বেশি ভয় পেত। অন্যদিকে জেন-জি প্রজন্ম কোনো কিছু খারাপ দিকে যাচ্ছে আঁচ করতে পারলে সিদ্ধান্ত নিতে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সাহসী।
সঙ্গী বাছাইয়ে সারার আদর্শ নিজের বাবা-মায়ের সম্পর্ক। শচীন ও অঞ্জলি টেন্ডুলকারের দাম্পত্যের সবচেয়ে পছন্দের দিক হলো, তারা সবার আগে ভালো বন্ধু। ভবিষ্যৎ সঙ্গীর মধ্যেও সেই বন্ধুত্বটাই খুঁজবেন তিনি।

‘সোলমেট’ ধারণা নিয়েও নিজের মত জানান সারা। রোমান্টিক সোলমেটে বিশ্বাস করতে চাইলেও তার কাছে আসল সোলমেট ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধুরাই।









