আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা। মিশরে অনুষ্ঠিত ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। বাংলায় ছবিটির নাম ‘সাঁকোটা দুলছে’।
বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক। ২০ নভেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠানে ছবিটির জন্য বিশেষ সম্মাননা ঘোষণা করা হয়। এ সময় সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
১১ থেকে ২০ নভেম্বর মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয় এবারের চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগের প্রতিযোগিতায় অংশ নেয় ‘সাঁকোটা দুলছে’। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলেও এই প্রথম প্রদর্শিত হয় ছবিটি। ১৬ নভেম্বর কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটার এবং পরদিন তাহরির সিনেমায় এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গ্রামীণ বাংলাদেশের তিন তরুণীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছে ‘সাঁকোটা দুলছে’। ছবিতে উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজ, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের নানা দিক। অন্ধ এক কিশোরীর স্বাধীন হওয়ার স্বপ্ন এবং একটি হাতির সঙ্গে তার সাক্ষাতের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা ও সামাজিক বন্দিত্বের বিষয়টি তুলে ধরেছেন নির্মাতা।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরব বিশ্ব, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজনগুলোর একটি। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজক সমিতির স্বীকৃত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে নতুন ও স্বতন্ত্র নির্মাতাদের কাজকে গুরুত্ব দেওয়া হয়।
এ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য শাদি আবদেল সালাম পুরস্কার এবং বিশেষ জুরি পুরস্কার হিসেবে ফাথি ফারাগ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি নির্বাচিত চলচ্চিত্রকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়।
কায়রোতে পুরস্কার জয়ের আগে আরও কয়েকটি আন্তর্জাতিক উৎসবে সাফল্য পেয়েছে ‘সাঁকোটা দুলছে’। ২০২৬ সালে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে ছবিটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি একাধিক পুরস্কার অর্জন করেছে ছবিটি।
এর মধ্যে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গোবলেট পুরস্কার পেয়েছে ছবিটি। একই বিভাগে ২৪তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসবেও গোল্ডেন ক্রেন পুরস্কার জেতে।
এ ছাড়া ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করে।
পুরস্কারের পাশাপাশি আরও কয়েকটি আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি। ৩৪তম এনার্গাক্যামেরিমেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ও চিত্রগ্রাহকদের প্রথম চলচ্চিত্রবিষয়ক দুটি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে এটি। ৩২তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিস্তাপাদ’-এর সিনেমা অব দ্য ইয়াং বিভাগে ছয়টি পুরস্কারের মনোনয়ন পেয়েছে।
এ ছাড়া ২১তম জগজা-নেটপ্যাক এশিয়ান চলচ্চিত্র উৎসবের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগেও নির্বাচিত হয়েছে ছবিটি।
মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত ৮০ মিনিটের এই চলচ্চিত্রের সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে। সহপ্রযোজক ফজলে হাসান শিশির এবং পরামর্শক প্রযোজক আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ অনেকে।
চিত্রগ্রহণ করেছেন সামিউল করিম সুপ্তক। সম্পাদনায় রয়েছেন হাসিব আহমেদ। রং বিন্যাস করেছেন চিন্ময় রায়। শব্দ পরিকল্পনা ও মিশ্রণের দায়িত্বে ছিলেন শৈব তালুকদার। সংগীত পরিচালনা করেছেন সায়ন মাংসাং।

কায়রো চলচ্চিত্র উৎসবের এই স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা হিসেবে ‘সাঁকোটা দুলছে’র অর্জনের তালিকায় যুক্ত হলো আরও একটি পুরস্কার।









