সাত বছর পর সিনেমায় ফিরছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম মিয়ং-মিন। পরিচালক পার্ক হুন-জংয়ের নতুন অ্যাকশন-নয়্যার সিনেমা ‘ট্রিস্তেস ট্রপিকস’-এ তাঁকে দেখা যাবে এক খুনি সংগঠনের নির্মম প্রধানের চরিত্রে। সিনেমায় তাঁর চরিত্রের নাম মাস্টার। জঙ্গলযুদ্ধে দক্ষ একদল তরুণ খুনিকে নিজের হাতে গড়ে তোলেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সিউলে দ্য কোরিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কিম জানান, সিনেমায় সাত বছরের বিরতি যে হয়ে গেছে, তা তিনি নিজেও বুঝতে পারেননি। সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বিষয়টি তাঁর নজরে আসে। অভিনেতার কথায়, তরুণ বয়সে দুই-তিন বছরের বিরতিকেও অনেক দীর্ঘ মনে হতো। কিন্তু পঞ্চাশের কোঠায় এসে সময় খুব দ্রুত কেটে যাচ্ছে।
২০১৯ সালে সর্বশেষ সিনেমায় অভিনয় করেছিলেন কিম। এরপর ২০২৪ সালে ‘ইয়োর অনার’ নাটকে দেখা যায় তাঁকে। নতুন সিনেমার মধ্য দিয়ে প্রায় নয় বছর পর আবারও পরিচালক পার্ক হুন-জংয়ের সঙ্গে কাজ করছেন তিনি। এর আগে ২০১৭ সালে ‘ভিআইপি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
‘ট্রিস্তেস ট্রপিকস’-এর গল্প গড়ে উঠেছে ঘন জঙ্গলকে ঘিরে। এতে মাস্টার এমন একটি খুনি সংগঠনের প্রধান, যারা জঙ্গলযুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষিত। তাঁর হাতে গড়ে ওঠা তরুণ খুনিদের জীবনেই নেমে আসে সংকট। হঠাৎ মাস্টার খুন হলে সংগঠনের সদস্যদের মধ্যে সন্দেহ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁর জায়গা দখল করতে শুরু হয় ক্ষমতার লড়াই।

সিনেমায় সংগঠনের জ্যেষ্ঠ সদস্য জাং চরিত্রে অভিনয় করেছেন পার্ক হে-সু। অন্যদিকে জোজো চরিত্রে রয়েছেন পার্ক ইউ-রিম এবং সবচেয়ে কনিষ্ঠ সদস্য লুর চরিত্রে লি শিন-ইয়ং। মাস্টারের মৃত্যুর পর তাঁর দীর্ঘদিনের সহযোগীরাও ক্ষমতা দখলের চেষ্টায় জড়িয়ে পড়েন।
পরিচালক পার্ক হুন-জংয়ের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সিনেমাটিতে অভিনয়ে রাজি হন কিম। তাঁদের মধ্যে কাজের বাইরে নিয়মিত যোগাযোগ ছিল। কিম জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁর ছেলে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ছেলের যাওয়ার আগে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। সে সময় পরিচালক পার্ক প্রস্তাব দেন, থাইল্যান্ডে পারিবারিক ভ্রমণের পাশাপাশি সিনেমার শুটিংও করা যেতে পারে।
কিন্তু থাইল্যান্ডে গিয়ে সেই ছুটির পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। শুটিংয়ের জায়গাটি ছিল ব্যাংকক থেকে প্রায় তিন ঘণ্টার দূরে গভীর জঙ্গলে। কিম বলেন, প্রতিদিন ভোর ৩টায় ভ্যানে করে শুটিং সেটে যেতে হতো। এমন জায়গায় পরিবারকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।
চরিত্রের জন্য নিজের শারীরিক গঠনেও বড় পরিবর্তন আনতে হয়েছে কিমকে। ‘ইয়োর অনার’ নাটকে অপরাধজগতের নেতার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর ওজন বেড়েছিল। কিন্তু জঙ্গলে বসবাসকারী মাস্টারের চরিত্রে মানিয়ে নিতে মাত্র তিন সপ্তাহে ৮ কেজি ওজন কমান তিনি।
ওজন কমানোর বিষয়ে কিম বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে তাঁকে খাওয়া প্রায় বন্ধ করে দিতে হয়েছিল। পরিচালকের তাগিদও তাঁকে দ্রুত প্রস্তুতি নিতে সাহায্য করেছে।
শুধু শারীরিক পরিবর্তন নয়, সংলাপের ক্ষেত্রেও প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। সিনেমায় দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্য হিসেবে মাস্টারের চরিত্রে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উচ্চারণের মিশ্রণে ইংরেজি বলতে হয়েছে। দীর্ঘ ইংরেজি সংলাপের পাশাপাশি কঠিন শারীরিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছে তাঁকে।
কিমের ভাষায়, মাস্টার এমন একজন মানুষ, যিনি নিজের আবেগ কখনো প্রকাশ করেন না। শারীরিক পরিশ্রমের দৃশ্যের মধ্যে ইংরেজিতে সংলাপ বলার সময় স্বাভাবিক থাকা এবং শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করাই ছিল সবচেয়ে কঠিন কাজ।
থাইল্যান্ডে শুটিংয়ের সময় আবহাওয়াও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। এর সঙ্গে ছিল অনিয়মিত বৃষ্টি। কিম জানান, প্রতিদিন সকালে শুটিংয়ের কাজ কতটুকু এগোনো যাবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকত।
সিনেমার গুরুত্বপূর্ণ শুটিং লোকেশন ছিল একটি প্রাসাদ। সেখানে যাওয়ার পথে কয়েক পা এগোতেই বৃষ্টি শুরু হতো। অতিরিক্ত আর্দ্রতায় ব্যবহৃত নকল বন্দুকেও সমস্যা দেখা দিত। পুরো দল চাইত, কোনোভাবে যেন প্রাসাদের ভেতরে পৌঁছে শুটিং চালানো যায়।

অভিনয়ের ব্যস্ততা কমিয়ে পরিবারকে সময়
১৯৯৬ সালে অভিনয়জগতে পা রাখেন কিম মিয়ং-মিন। তবে শুরুতে দীর্ঘদিন পরিচিতি পাননি তিনি। ২০০৪ সালে কেবিএসের ঐতিহাসিক নাটক ‘ইমর্টাল ই সুন-সিন’-এ অ্যাডমিরাল ই সুন-সিনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এ নাটকের জন্য ২০০৫ সালে কেবিএস ড্রামা অ্যাওয়ার্ডসে গ্র্যান্ড প্রাইজ জেতেন তিনি।

এরপর ২০০৭ সালে ‘বিহাইন্ড দ্য হোয়াইট টাওয়ার’ এবং ২০০৮ সালে ‘বিথোভেন ভাইরাস’ নাটকে অভিনয়ের জন্য টানা দুই বছর বেকসাং আর্টস অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পান। ২০০৯ সালে ‘ক্লোজার টু হেভেন’ সিনেমার জন্য ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ডসেও সেরা অভিনেতা হন।
ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময়ে অভিনয়ে গভীর মনোযোগ ও দক্ষতার জন্য ‘মিয়ং-মিন-জওয়া’ নামে পরিচিতি পান তিনি। কোরীয় ভাষায় ‘জওয়া’ শব্দটি কোনো কাজে অসাধারণ দক্ষ ব্যক্তিকে সম্মান জানাতে ব্যবহার করা হয়। তবে এখন এই পরিচিতি নিয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিম। তাঁর মতে, দর্শকেরা তাঁকে ভালো অভিনেতা হিসেবে পছন্দ করেন, এটাই যথেষ্ট।
করোনাভাইরাস মহামারির সময় টানা তিন বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেতা। সে সময় তাঁর ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি।
কিম বলেন, তরুণ বয়সে কাজের পেছনে এতটাই সময় দিয়েছেন যে পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেননি। বাড়িতে তিন বছর থাকার অভিজ্ঞতা তাঁকে পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব বুঝিয়েছে। তাই সিনেমায় সাত বছরের বিরতি নিয়ে তাঁর কোনো দুশ্চিন্তা ছিল না। সব সময় নিজেকে প্রমাণ করার তাড়নাও এখন আর অনুভব করেন না তিনি।
‘ট্রিস্তেস ট্রপিকস’ আগামী বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।









