বিশ্বকাপে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব
দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরের মতোই এবারও হাজির হচ্ছে ব্যতিক্রমী আয়োজন নিয়ে। বিশ্বজুড়ে চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সামনে রেখে জনপ্রিয় এই অনুষ্ঠানটির একটি বিশেষ সংকলিত পর্ব প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এতে থাকছে ফুটবলকে কেন্দ্র করে অতীতে প্রচারিত বিভিন্ন আকর্ষণীয়, তথ্যবহুল ও স্মরণীয় পর্বের নির্বাচিত অংশের পাশাপাশি নানা মানবিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন।
আগামী শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একযোগে প্রচারিত হবে বিশেষ এই পর্ব।
এই সংকলিত পর্বে স্থান পেয়েছে ২০১৬ সালে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের ঐতিহাসিক আম্রকাননে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্বের কিছু উল্লেখযোগ্য অংশ। প্রাচীন বরেন্দ্র অঞ্চল এবং গৌড়-সুলতানি আমলের ইতিহাস ও প্রকৃতির সৌন্দর্যে ঘেরা সেই স্থানটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে আবারও দর্শকদের সামনে তুলে ধরা হবে।
বিশ্বকাপের আবহকে প্রাধান্য দিয়ে এবারের পর্বটি সাজানো হয়েছে ফুটবলবিষয়ক বিভিন্ন প্রতিবেদন ও স্মরণীয় মুহূর্ত দিয়ে। ফুটবলপ্রেমীদের জন্য থাকছে অতীতে প্রচারিত নানা ব্যতিক্রমী আয়োজনের সংকলন, যা নতুন করে দর্শকদের নস্টালজিয়ায় ভাসাবে।

অনুষ্ঠানে রয়েছে বেশ কয়েকটি মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদনও। চাঁপাইনবাবগঞ্জ এবং জেলার বিখ্যাত আমকে ঘিরে দুটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রচার করা হবে। পাশাপাশি থাকছে ফজলে রাব্বী রবিন নামে এক তরুণের সাপপ্রেম ও সর্প সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক একটি প্রতিবেদন।
বিশেষ পর্বে তুলে ধরা হবে মাগুরার সেই হালিমের গল্প, যিনি ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লিখিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯৫ সালে এই মানুষটিকে প্রথম দর্শকদের সামনে তুলে ধরেছিল ‘ইত্যাদি’। এছাড়া খুলনার ফুলতলা উপজেলার সমাজসেবক ও শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের জীবন ও মানবিক কর্মকাণ্ড নিয়েও থাকবে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন।
দেশের বাইরের আয়োজনেও থাকছে বৈচিত্র্য। বিদেশি প্রতিবেদনে দর্শকদের নিয়ে যাওয়া হবে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক নগরী গ্রিসের রাজধানী এথেন্সে। সেখানে দেশটির বিখ্যাত ‘ইভজোন্স’ সেনাদলকে নিয়ে একটি ডকু-ফিচার প্রচার করা হবে।

সাংস্কৃতিক আয়োজনেও থাকছে বিশেষ চমক। চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এবং হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনিয়ম ও অসঙ্গতি নিয়ে নির্মিত একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামাও থাকছে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।
দর্শকপর্বকে আরও প্রাণবন্ত করতে আমন্ত্রণ জানানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি লোকসংগীতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য তুলে ধরবেন। তাঁদের পরিবেশিত গানের ওপর ভিত্তি করে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে বিজয়ীও নির্বাচন করা হবে।
এছাড়া নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক বিষয় নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলিত ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে এই বিশেষ পর্বে। বরাবরের মতো নিয়মিত আয়োজন নানি-নাতি, মামা-ভাগ্নে এবং চিঠিপত্র বিভাগও থাকছে দর্শকদের জন্য।
বিশ্বকাপের উন্মাদনা, ঐতিহ্য, সংস্কৃতি, মানবিক গল্প এবং বিনোদনের সমন্বয়ে সাজানো ‘ইত্যাদি’র এই বিশেষ সংকলিত পর্ব দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।