ব্রাজিল-আর্জেন্টিনা সিরিজ
বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয় না, কিন্তু ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের মানুষের উন্মাদনা কোনো অংশেই কম নয়। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তর্ক-বিতর্ক, পতাকা টানানো, খুনসুটি আর আবেগে পুরো দেশ যেন রূপ নেয় এক অন্যরকম উৎসবের মঞ্চে। সেই চিরচেনা বাস্তবতাকে হাস্যরসের মোড়কে তুলে আনছে নতুন ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত এই সিরিজটি আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের সমর্থকদের আবেগ, প্রতিদ্বন্দ্বিতা এবং মহল্লার মজার ঘটনাগুলো নিয়ে তৈরি হয়েছে। বিশ্বকাপের খেলা হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাঠে, কিন্তু তার উত্তাপ ছড়িয়ে পড়বে বাংলাদেশের অলিগলি থেকে শহরের প্রতিটি পাড়ায় সেই চিত্রই তুলে ধরা হবে আট পর্বের এই সিরিজে।
‘ব্রাজেন্টিনা ক্লাব’ পরিচালনা করেছেন তারিক মুহাম্মাদ হাসান। সিরিজটিতে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, অভিনেত্রী তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ রোমেল।
মহল্লার বিশ্বকাপের গল্প
নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান জানান, বিশ্বকাপ এলেই বাংলাদেশের মহল্লাগুলোতে যে মজার মজার ঘটনা ঘটে, সেগুলোই সিরিজটির মূল উপজীব্য। তাঁর ভাষায়, “ওয়ার্ল্ডকাপের উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় যে হাস্যকর ও আনন্দময় ঘটনা ঘটে, সেগুলোই আমরা পর্দায় তুলে ধরেছি। খুব সাধারণ গল্পগুলোই মজারভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।”
সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার অভিনয়ে অভিষেক। এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করলেও নাটক বা ওয়েব সিরিজে এবারই প্রথম অভিনয় করেছেন তিনি।
নতুন অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, “বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটক বা সিরিজে অভিনয় এবারই প্রথম। পুরো বিষয়টি আমার কাছে বেশ ম্যাজিক্যাল মনে হয়েছে। ক্যামেরার সামনে অভিনয় করা মোটেও সহজ নয়।”

নিজের অভিনয় নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও বেশ স্বচ্ছন্দ এই ফুটবলার। তিনি বলেন, “আমার অভিনয় দেখে দর্শকরা যদি মজা করেন, মিম বানান কিংবা ট্রল করেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখি।”
বিশ্বকাপের সংস্কৃতি পর্দায়
নির্মাতাদের আশা, ফুটবলপ্রেমী দর্শকদের পাশাপাশি সাধারণ দর্শকদের কাছেও সিরিজটি উপভোগ্য হবে। কারণ এতে শুধু ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং বাংলাদেশের সমাজে বিশ্বকাপকে ঘিরে গড়ে ওঠা এক বিশেষ সংস্কৃতির চিত্রও উঠে এসেছে।
জানা গেছে, আগামী ৭ জুলাই থেকে আইস্ক্রিনে স্ট্রিমিং শুরু হবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’। আট পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ২৫ মিনিট। বিশ্বকাপের আবহ, হাস্যরস, বন্ধুত্ব, খুনসুটি এবং ফুটবলপ্রেমের অনন্য মিশেলে নির্মিত এই সিরিজটি দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন নিয়ে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশে বিশ্বকাপ মানেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উৎসব। সেই আবেগ, উচ্ছ্বাস ও চিরচেনা মহল্লার গল্প এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় তুলে আনা হচ্ছে। আর সেই যাত্রায় অভিনয়ের নতুন অধ্যায় শুরু করলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।