ঢাকায় আসছেন আতিফ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় আতিফের কনসার্ট । স্থগিত হয়ে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড। একই সঙ্গে দর্শকদের দেওয়া পুরোনো প্রতিশ্রুতিও বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। যারা আগের কনসার্টের টিকিট কিনেছিলেন এবং রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না।
সম্প্রতি এক বিবৃতিতে আয়োজকরা জানান, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে শিল্পীর সফরসূচি সবকিছুই চূড়ান্ত ছিল। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।
আগের টিকিটেই কনসার্ট
তখন আয়োজক প্রতিষ্ঠান স্পষ্ট করেই জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি; বরং পরিস্থিতি অনুকূলে এলে নতুন তারিখে আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে একটি বার্তা দেন। সেখানে তিনি আশ্বস্ত করেন, খুব শিগগিরই আবার বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের জন্য কেনা টিকিট পুনর্নির্ধারিত অনুষ্ঠানের জন্য বৈধ থাকবে।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিচ্ছে। আয়োজকদের ভাষ্য, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং সংশ্লিষ্ট সব ধরনের প্রশাসনিক অনুমতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কনসার্টের ভেন্যু, নতুন টিকিট বিক্রির সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আগের টিকিটধারীদের জন্যও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। যারা গত বছরের কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। তবে মেইন স্টেজ শোর ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত রি-অ্যাপ্লাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই সেটি পৌঁছে দেওয়া হবে।
টিকিট পুনর্বহালের সুযোগ
অন্যদিকে, যারা কনসার্ট স্থগিত হওয়ার পর টিকিটের অর্থ ফেরত পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তারাও চাইলে সেই আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের সুযোগ পাবেন। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করলে তাদের কাছেও নতুন টিকিট পৌঁছে দেওয়া হবে। এছাড়া নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আতিফ আসলামের বাংলাদেশ সফরের খবর প্রকাশের পর থেকেই তাঁর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে ঢাকার মঞ্চে সরাসরি দেখার অপেক্ষায় ছিলেন সংগীতপ্রেমীরা। স্থগিত হওয়া কনসার্টটি নতুন করে আয়োজনের ঘোষণায় সেই অপেক্ষার অবসান ঘটছে।
উল্লেখ্য, ২০২৫ সালে সংগীতজীবনের ২০ বছর পূর্ণ করেছেন আতিফ আসলাম। ২০০৫ সালে বলিউড চলচ্চিত্র জহর-এর জনপ্রিয় গান ‘ওহ লামহে’ দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে ভারতীয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীতে পরিণত হন। গত প্রায় দেড় দশক ধরে বলিউডে নিয়মিত কাজের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে আসছেন এই তারকা গায়ক। এবার সেই তালিকায় আবারও যুক্ত হচ্ছে ঢাকা, যেখানে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন হাজারো ভক্ত।


