ব্রাজিল জয়ে শোবিজে উৎসব
ফুটবল মাঠে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে যেন এক উৎসবের আবহ। দেশের অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই দেখা যায় হলুদ-সবুজের উচ্ছ্বাস। এই উন্মাদনা থেকে বাদ যাননি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দল ব্রাজিলের জয় উদযাপনে কেউ নেমেছেন রাস্তায়, কেউ আবার জার্সি পরে কিংবা পতাকা হাতে ছবি ও ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। তাদের পোস্টে ফুটে উঠেছে সেলেসাওদের প্রতি ভালোবাসা, আবেগ আর দীর্ঘদিনের সমর্থনের গল্প।
ব্রাজিলের জয়ের পর সবচেয়ে ব্যতিক্রমী উদযাপন করতে দেখা গেছে অভিনেত্রী ফারিন খানকে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তিনি সরাসরি রাস্তায় নেমে সাধারণ দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। হাতে সবুজ-হলুদ রঙের ভুভুজেলা নিয়ে উচ্ছ্বাসে ফুঁ দিচ্ছেন তিনি। ভিডিওর পেছনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং দর্শকদের ভিড় পুরো পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে। পোস্টের ক্যাপশনে একাধিক ব্রাজিলের পতাকার ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘Only BRBRBRBRBR, খেলা হবে BR।’
অন্যদিকে অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলপ্রেম প্রকাশ করেছেন একটু ভিন্নভাবে। চিরচেনা হলুদ জার্সির পরিবর্তে তিনি পরেছেন ব্রাজিলের গাঢ় নীল বিকল্প জার্সি। হাস্যোজ্জ্বল একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে শুধু ব্রাজিলের পতাকা ও ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন, যা তার প্রিয় দলের প্রতি অকৃত্রিম সমর্থনেরই বহিঃপ্রকাশ।

জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজও সামাজিক মাধ্যমে ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসা নতুন করে সামনে এনেছেন। যদিও ছবিটি এর আগেও প্রকাশ করেছিলেন, ব্রাজিলের জয়ের পর সেটি আবারও আলোচনায় আসে। ছবিতে দেখা যায়, বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে তিনি বিশাল এক ব্রাজিলের পতাকা উড়াচ্ছেন। গায়ে হলুদ জার্সি, হাতে ফুটবল , সব মিলিয়ে তার উদযাপন ছিল বেশ নান্দনিক।
অভিনেত্রী পারসা ইভানাও প্রিয় দলের জয়ে আনন্দ প্রকাশ করেছেন নিজের মতো করে। ব্রাজিলের হলুদ জার্সি পরে তোলা একটি সেলফিতে তাকে এক চোখ বন্ধ করে এবং দুষ্টুমিভরা ভঙ্গিতে জিহ্বা বের করে পোজ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও পিছিয়ে ছিলেন না। ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার পর নিজের ফেসবুক স্টোরিতে গাঢ় নীল ব্রাজিল জার্সি ও জিন্স পরা একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে জার্সির লোগোর দিকে ইঙ্গিত করে উল্লাস প্রকাশ করতে দেখা যায় জনপ্রিয় এই অভিনেত্রীকে।
সংগীতশিল্পী কোনালও ম্যাচ চলাকালেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। হলুদ ব্রাজিল জার্সি পরে তোলা একটি ক্লোজআপ সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘খেলা জিতুক আর নাই জিতুক, মন জিতে নিক ব্রাজিল আজ। Go Brazil।’ ম্যাচের ফল তখনও পুরোপুরি নিশ্চিত না হলেও প্রিয় দলের প্রতি নিঃশর্ত সমর্থনের বার্তাই দিয়েছেন তিনি।

অন্যদিকে উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ পোশাকের মাধ্যমেই তুলে ধরেছেন ব্রাজিলের প্রতি ভালোবাসা। সবুজ-হলুদ রঙের একটি নিটেড সোয়েটারে, যার বুকে বড় করে লেখা ‘BRASIL’, হাসিমুখে একটি সেলফি ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে পর্তুগিজ ভাষায় লেখেন, ‘Sempre Brasil!’, যার বাংলা অর্থ সবসময়ই ব্রাজিল।’
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মজার খুনসুটিও উঠে এসেছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পোস্টে। ছবিতে দেখা যায়, হিমি নিজে ব্রাজিলের হলুদ জার্সি পরে দাঁড়িয়ে আছেন, আর তার পাশে আছেন আর্জেন্টিনার জার্সি পরা অভিনেতা নিলয় আলমগীর। ছবির ক্যাপশনে হিমি রসিকতার সুরে লিখেছেন, ‘উস্তাদদের মার শেষ রাতে।’ পাশাপাশি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে মজার ছলে ‘জাপানটিনা’ বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে ফুটবল নিয়ে আবেগের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি হলো ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি। জাতীয় দল বিশ্বকাপে না খেললেও এই দুই দলের ম্যাচকে ঘিরে প্রতিবছরই তৈরি হয় উৎসবের পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা যখন নিজেদের সমর্থনের ছবি ও ভিডিও প্রকাশ করেন, তখন সেই উন্মাদনা আরও ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যেও।
উল্লেখ্য, ২৯ জুন দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের এই জয়েই উচ্ছ্বাসে ভাসেন বাংলাদেশের অসংখ্য ব্রাজিল সমর্থক, যার প্রতিফলন দেখা গেছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের সামাজিক মাধ্যমের পোস্টেও।