রোহিতকে হত্যার হুমকি
আবারও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি। কয়েক মাস আগে মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাড়ির বাইরে গুলির ঘটনার পর এবার ২০ কোটি টাকা চাঁদা দাবি করে তাকে নতুন করে হুমকি দেওয়া হয়েছে। অডিও বার্তার মাধ্যমে জানানো হয়েছে, দাবি অনুযায়ী অর্থ না দিলে এবার সরাসরি তাকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে রোহিত শেঠিকে স্পষ্টভাবে হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, নির্ধারিত অর্থ পরিশোধ না করলে তার বাড়ি নয়, এবার সরাসরি তাকেই নিশানা করা হবে। বার্তায় আরও দাবি করা হয়, এর আগে তার বাড়ির বাইরে গুলির ঘটনা ছিল কেবল একটি সতর্কবার্তা।
অডিও বার্তা ঘিরে পুলিশের তদন্ত
রোহিত শেঠির কর্মীরা অডিও বার্তাটি পাওয়ার পরপরই সেটি মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অডিওটির উৎস শনাক্তে কাজ করছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, অডিওতে শোনা কণ্ঠটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী ও পলাতক অভিযুক্ত শুভম লোনকরের হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রের দাবি, শুভম লোনকর এর আগেও একাধিক আলোচিত অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত হিসেবে তদন্তের আওতায় ছিলেন। ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের তদন্তে তার নাম উঠে আসে। এছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোহিত শেঠির জুহুর বাড়ির বাইরে গুলির ঘটনাতেও তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
রোহিতের বাড়িতে হামলা
চলতি বছরের ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে এসে এক ব্যক্তি রোহিত শেঠির বাড়ির বাইরে গুলি চালায়। হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাং ওই ঘটনার দায় স্বীকার করে। তদন্তে দীপক শর্মা নামের এক ব্যক্তিকে হামলার মূল শুটার হিসেবে শনাক্ত করা হয়। পরে উত্তর প্রদেশের আগ্রা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর এপ্রিলে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ আদালতে ওই হামলা-সংক্রান্ত ১ হাজার ৬২৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেয়। চার্জশিটে মোট ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে প্রবীণ লোনকর ও আরজু বিষ্ণোইকে পলাতক অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তে অপরাধী চক্রের কার্যক্রম, হামলার পরিকল্পনা এবং অর্থের লেনদেনসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

নতুন অডিও বার্তা সামনে আসার পর রোহিত শেঠির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তার বাসভবন এবং চলাচলের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত করতে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বলিউডের অন্যতম সফল নির্মাতা রোহিত শেঠি ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘সিংহাম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’ এবং ‘গোলমাল’ সিরিজের মতো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার মতো একজন শীর্ষ নির্মাতাকে ঘিরে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি এবং চাঁদাবাজির ঘটনা মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পুলিশ জানিয়েছে, হুমকির উৎস শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। ফরেনসিক পরীক্ষার ফল এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে মামলার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।