চঞ্চল-তৌসিফ-মেহজাবীনদের বাঁধভাঙা উচ্ছ্বাস
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার জয় দাপটের সঙ্গে। আর্জেন্টিনার জয় এবং অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভাসছেন কোটি কোটি ফুটবলভক্ত। সেই আনন্দের ঢেউ এবার ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে উদযাপন করছেন আকাশি-সাদা জার্সিধারীদের এই সাফল্য। অনেকেই মেসির প্রশংসায় মুগ্ধতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ঘিরেও করেছেন মজার খোঁচা।

অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ফেসবুকে মেসির ছবি শেয়ার করে রসিকতা করে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’ তাঁর এই মন্তব্য দ্রুতই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, অভিনেতা তৌসিফ মাহবুবও মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘সে কখনো হতাশ করে না।’ সংক্ষিপ্ত হলেও তাঁর এই মন্তব্য মেসি-ভক্তদের দারুণ সাড়া পেয়েছে।

অভিনেত্রী নাদিয়া আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই আর্জেন্টিনার জয় উদযাপন করে লিখেছেন, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’

অভিনেতা ইরফান সাজ্জাদ আর্জেন্টিনার জয় নিয়ে অবশ্য ভিন্ন ঢঙে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মেসিকে নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে ব্যঙ্গ করে তিনি লিখেছেন, ‘এখন বুঝি ফিফা ফ্রি কিকও কিনে দেয়!’ তাঁর এই পোস্টে অসংখ্য মন্তব্য জমা হয়েছে।
অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনও রসিক ভঙ্গিতে লিখেছেন, ‘আর্জেন্টিনা নাকি ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি কিক কেনে!’ একই সঙ্গে তিনি জর্ডানের ফুটবলার আল তামারির গোলেরও প্রশংসা করেন।

অভিনেতা আব্দুন নূর সজল নিজেকে ব্রাজিল সমর্থক বলেই পরিচয় দেন। তবে ভালো ফুটবলের প্রশংসা করতে তিনি দ্বিধা করেননি। আর্জেন্টিনার জার্সির ছবি পোস্ট করে লিখেছেন, ‘মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন।’
আর্জেন্টিনা নকআউট পর্বে কেপ ভার্দের মুখোমুখি হবে। অন্যদিকে এক দিন পর শক্তিশালী জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচ নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।
অভিনেত্রী দীপা খন্দকার ব্রাজিলের ম্যাচ ঘিরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘ব্রাজিল কি চাপে আছে?’ যদিও বেশির ভাগ সমর্থক আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করেছেন, ব্রাজিলই জয় পাবে।

উপস্থাপক শ্রাবণ্য তৌহিদাও মেসির পক্ষে অবস্থান নিয়েছেন। আর্জেন্টিনার জয় নিয়ে তিনি বলেন, যে কোনো দলকে সমর্থন করা যায়, কিন্তু মেসির অর্জনকে অসম্মান করার সুযোগ নেই। তাঁর মতে, মেসি নিজের যোগ্যতায় কিংবদন্তি হয়েছেন।
তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’

পরে আরেকটি পোস্টে তিনি জানান, ম্যাচ দেখার জন্য রাত জেগেছেন। এখন আবার ক্লাসের জন্যও জেগে থাকতে হচ্ছে। তাঁর এই পোস্টেও ভক্তদের নানা মন্তব্য দেখা গেছে।

গায়ক কুদ্দুস বয়াতী, যিনি ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত, তিনিও মজার মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘জীবনটা যদি আর্জেন্টিনার মতো সহজ হতো।’
আর্জেন্টিনার জয় যেমন সমর্থকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি দেশের তারকারাও সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে ফুটবলপ্রেমীদের আনন্দকে আরও রঙিন করে তুলেছেন।